সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৬:৩৭ পিএম

ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ আসন ঠাকুরগাঁও-১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার সময় তিনি নিজেই এ তথ্য জানান।

এদিন সন্ধ্যায় বিএনপি মহাসচিব মোট ২৩৭টি সংসদীয় আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এই তালিকাতেই ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়।মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, এটি প্রাথমিক তালিকা এবং এই প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।

প্রার্থী তালিকা ঘোষণার আগে, আজ দুপুর সাড়ে ১২টা থেকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের তফসিল আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।