নভেম্বর ৪, ২০২৫, ০৫:০৯ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। এই পোস্টে তিনি নিজের রাজনৈতিক জীবনের সংগ্রাম ও পারিবারিক ত্যাগের স্মৃতিচারণ করার পাশাপাশি, যারা দলের মনোনয়ন পাননি, তাদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন।মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর ১টা ৭ মিনিটে দেওয়া ওই ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে!
আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা-নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার সাথে থাকার জন্য!’এরপরই তিনি তার রাজনৈতিক জীবনের পেছনের গল্প তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! আমি যখন ১৯৮৭-তে সিদ্ধান্ত নেই, আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল! ঢাকায় পড়তো। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল! সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল! বুঝতে পারছিল, কী ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে!
ব্যক্তিগত ত্যাগের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে! মনে পরে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারারাত গাড়িতে ছিলাম, ঢাকার পথে! যাতে মেয়ের পাশে থাকতে পারি! এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল!’ তিনি উল্লেখ করেন, এ রকম ত্যাগের গল্প তার দলের হাজার হাজার নেতাকর্মীর রয়েছে।এই নির্বাচন তার শেষ নির্বাচন হতে পারে এমন ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব মনোনয়নবঞ্চিতদের উদ্দেশে বলেন, ‘এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন! যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে!’
সবশেষে তিনি দেশবাসী ও নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে লেখেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন! আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো এবং কাজ করবো ইনশাআল্লাহ! বিএনপির সেই যোগ্যতা আছে দেশকে মর্যাদার সঙ্গে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার! ইনশাআল্লাহ! আপনারা পাশে থাকেন।’


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন