আগস্ট ২৭, ২০২৬, ১০:৩৭ পিএম
রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত একটি গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ও পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এবং সাতজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।বৃহস্পতিবার মস্কোয় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাজধানী মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত `আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে` এই বিস্ফোরণ ঘটে। পাইপলাইনের পরীক্ষামূলক কাজ চলার সময় হঠাৎ তা ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন ধরে যায় এবং চেক ভালভ পুড়ে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।
নিহত ওই বাংলাদেশির নাম জাকির হোসেন এবং তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে। উপার্জনের আশায় সুদূর রাশিয়ায় পাড়ি জমানো এই শ্রমিকের মৃত্যুতে তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস হতাহতদের পরিচয় শনাক্তকরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি ধ্বংসস্তূপে নিখোঁজ থাকা অন্য বাংলাদেশির সন্ধান পেতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন