নভেম্বর ১৬, ২০২৫, ০২:০৮ পিএম
বাঙালির রান্নাঘরে কাতলা মাছের কদর চিরকালীন। আর তার সঙ্গে যদি যোগ হয় সরষে আর পোস্তোর ঝাঁজ, তাহলে তো কথাই নেই! সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও এই পদটি স্বাদে অসাধারণ।
গরম ভাতের সঙ্গে দারুণ জমে যায় এই ‘সরষে-পোস্তো কাতলা’। চলুন জেনে নেওয়া যাক ঝটপট তৈরির সহজ রেসিপি।
কাতলা মাছ: ৬-৮ টুকরো সরষে বাটা: ২ টেবিল চামচ পোস্তো বাটা: ২ টেবিল চামচ কাঁচা লঙ্কা: ৪–৬টি (চেরা) টমেটো কুচি: ১টি সর্ষের তেল: ৪–৫ টেবিল চামচ গোটা জিরে: আধা চা চামচ (ফোড়নের জন্য) হলুদ গুঁড়ো ও লবণ: স্বাদমতো
প্রস্তুত প্রণালি: প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মেখে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। খুব কড়া ভাজা হলে স্বাদ নষ্ট হতে পারে। এবার একই তেলে জিরে ফোড়ন দিন। এরপর টমেটো কুচি দিয়ে সামান্য নেড়ে নিন।
এখন সরষে ও পোস্তো বাটা দিয়ে লবণ ও হলুদ মিশিয়ে মশলা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো পানি দিন। ঝোল ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা ও ভাজা মাছগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। নামানোর আগে ওপর থেকে সামান্য কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলে ঘ্রাণ আরও সুন্দর হবে। ব্যাস, তৈরি হয়ে গেল জিভে জল আনা সরষে-পোস্তো কাতলা!


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন