নভেম্বর ১৬, ২০২৫, ১০:২৩ এএম
২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
তিনি জানান, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। সেক্ষেত্রে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে রোজা পালন শুরু হতে পারে এবং মাসটি ৩০ দিন পূর্ণ করে শেষ হতে পারে।
যদি জ্যোতির্বিদদের এই হিসাব পুরোপুরি মিলে যায়, তবে শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের দিন হবে ২০ মার্চ, শুক্রবার।তবে জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাস কেবলই একটি গাণিতিক ধারণা। আমিরাতের চাঁদ দেখা কমিটি নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে চাঁদ দেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবে।
এই ঘোষণার ওপর ভিত্তি করেই সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং পরবর্তীতে অন্যান্য মুসলিম দেশগুলো ঈদের তারিখ ঘোষণা করে থাকে। অন্যদিকে, আরব জ্যোতির্বিজ্ঞানীদের এই ধারণা অনুযায়ী যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, তাহলে আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের লম্বা ছুটি পেতে পারেন। সেক্ষেত্রে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত ছুটি থাকবে এবং ২৩ মার্চ (সোমবার) থেকে আবার অফিস শুরু হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন