রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
দোয়া

কিয়ামতের দিন যে দোয়ার ওজন সবচেয়ে বেশি হবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ১১:৩০ এএম

কিয়ামতের দিন যে দোয়ার ওজন সবচেয়ে বেশি হবে

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাহাবীদেরকে অসংখ্য দু’আ ও আমল শিখিয়েছেন, যার মধ্যে এমন কিছু সংক্ষিপ্ত আমল রয়েছে, যা আকারে খুবই ছোট হলেও এর সওয়াব বা প্রতিদান হয় বিপুল।

এমনই একটি বিশেষ বাক্য হলো: কিয়ামতের দিন যার ওজন অন্য যেকোনো দীর্ঘ আমলের চেয়েও বেশি হবে।সেই বিশেষ বাক্যটি হলো:

بْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ   উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, ওয়ারিদা নাফসিহি, ওয়াজিনাতা আরশিহি, ওয়ামিদাদা কালিমাতিহি।

অর্থ: আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, তাঁর সৃষ্টির সংখ্যা সমপরিমাণ, মহান সত্ত্বার সন্তুষ্টির পরিমাণ, তাঁর আরশের ওজন পরিমাণ এবং তাঁর বাক্যগুলোর কালির পরিমাণ।এই দু’আটির তাৎপর্য ব্যাখ্যা করে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলেন, একদা রাসুল (সা.) উম্মুল মুমিনিন জুয়াইরিয়া (রা.)-এর ঘর থেকে ফজরের সময় বের হন। তখন জুয়াইরিয়া (রা.) তাঁর নামাজের স্থানে বসে জিকির করছিলেন। রাসুল (সা.) পরে ফিরে আসেন।

তখনও জুয়াইরিয়া (রা.) সেই নামাজের স্থানেই স্থির ছিলেন। তখন রাসুল (সা.) তাঁকে জিজ্ঞেস করেন, ‘তুমি কি এখনও তোমার নামাজের স্থানেই রয়েছ!’ জুয়াইরিয়া (রা.) বলেন, হ্যাঁ। তখন রাসুল (সা.) তাঁকে বলেন, ‘আমি তোমার স্থান থেকে যাওয়ার পর চারটি বাক্য তিনবার পড়েছি। তুমি এ সময়ে যা পড়েছ তার সঙ্গে ওইসব বাক্যের ওজন করা হলে সেই চারটি বাক্যই ভারি হবে।’ এরপর তিনি এই দু’আটি জুয়াইরিয়া (রা.)-কে শিখিয়ে দেন। তাই যারা সহজে এবং অল্প সময়ে বিপুল সওয়াব লাভ করতে চান, তাদের জন্য এই দু'আটি নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।