নভেম্বর ১৬, ২০২৫, ০৬:০৮ পিএম
মানুষের কর্মের মাঝে এমন কিছু আমল রয়েছে, যা বিশ্বজগতের মালিক আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মর্যাদা পায় এবং সেই কর্ম দেখে তিনি খুশিতে হাসেন। হাদিসে সেই সৌভাগ্যবান দুই শ্রেণির মানুষের কথা বলা হয়েছে, যাদের জন্য আল্লাহ তায়ালা জান্নাত দানের ঘোষণা করেন এবং যাদের থেকে আখিরাতে কোনো হিসাব গ্রহণ করা হবে না।
সিলেটের শীর্ষ দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম কানাইঘাটের নায়বে শায়খুল হাদিস মাওলানা শামছুদ্দীন দুর্লভপুরি হাদিসের আলোকে এই দুই ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন।
মু’জামে তবরানিতে বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (সা.) বলেছেন, “আল্লাহ তায়ালা দুই ব্যক্তিকে দেখে হাসেন।”
প্রথম ব্যক্তি হলেন ওই মুমিন, যে শীতের কঠিন রাতে আরামের বিছানা ছেড়ে উঠে ঠান্ডা পানি দিয়ে ওজু করে নামাজ আদায় করেন। এই ব্যক্তির এমন কষ্টের ইবাদত দেখে আল্লাহ তায়ালা খুশিতে হাসেন এবং ফেরেশতাদের ডেকে জিজ্ঞেস করেন, “আমার এই বান্দা কীসের আশায় এই কষ্ট স্বীকার করল?” ফেরেশতারা তখন বলেন, ইয়া আল্লাহ, আপনার কাছে যে জান্নাত বা মহা নিয়ামত রয়েছে তার আশায় এবং আপনার কাছে জাহান্নামের যে ভয়াবহ শাস্তি রয়েছে তার ভয়ে সে শীতকে উপেক্ষা করে নামাজ আদায় করছে।
তখন আল্লাহ তায়ালা বলেন, “তোমরা লিখে রাখো, সে আমার কাছে যা পাওয়ার জন্যে নামাজ আদায় করছে, তাকে আমি তা প্রদান করলাম, আর যা থেকে সে আমার কাছে আশ্রয় চায় বা যে শাস্তির ভয় করে, তা থেকে তাকে নিষ্কৃতি দিলাম।” মুহাদ্দিসগণের অনেকে এই নামাজ দ্বারা তাহাজ্জুদের সালাতকেই বোঝানো হয়েছে বলে মত দিয়েছেন।দ্বিতীয় ব্যক্তি হলেন ওই লোক, যে আল্লাহর রাহে জিহাদের জন্য বের হয় এবং আল্লাহর ভয়ে ও তাঁর নিয়ামতের আশায় নিজের জীবনকে বিসর্জন দেন। এই ব্যক্তির ব্যাপারেও আল্লাহ তায়ালা তাঁর ফেরেশতাদের সঙ্গে প্রথম ব্যক্তির অংশের মতো কথোপকথন করে থাকেন।
ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ মুসনাদে আহমদের বরাত দিয়ে বলেন, দুনিয়াতে কারো কোনো আচরণে যদি আল্লাহ হাসেন, তাহলে আখিরাতে ওই ব্যক্তির থেকে কোনো হিসাব গ্রহণ করা হবে না, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবেন।উল্লেখ্য, আল্লাহ তায়ালার হাসি তাঁর শানে যেভাবে শোভনীয়, তিনি সেভাবেই হাসেন। তাঁর সঙ্গে কোনো ব্যক্তি বা সৃষ্টির সাদৃশ্য হয় না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, “কোনো কিছুই তাঁর সাদৃশ্য নয়।”



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন