নভেম্বর ১৯, ২০২৫, ১০:৪৪ পিএম
রমজান মাস প্রতিটি মুসলিম জীবনে সবচেয়ে পবিত্র সময়। এটি আসে বিপুল আনন্দ, ইবাদত এবং আত্মসংযমের বার্তা নিয়ে। যদিও এখনো প্রায় তিন মাস বাকি, তবুও ধর্মপ্রাণ মুসলমানরা আগ্রহ নিয়ে জানতে চাইছেন, ২০২৬ সালে রোজা ঠিক কবে শুরু হবে। আজ ১৯ নভেম্বর থেকে হিসাব করলে রোজা শুরু হতে এখনো ৯১ থেকে ৯২ দিন বাকি।
যদিও রোজা শুরুর একদম সঠিক উত্তর চাঁদ দেখা সাপেক্ষেই নিশ্চিত হয়, তবুও জ্যোতির্বিজ্ঞানীরা এর একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি।
তার ভাষ্য অনুযায়ী, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি আকাশে উঠলেও মধ্যপ্রাচ্যে সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর চাঁদটি অস্ত হয়ে যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না।
এজন্য রমজান শুরু হবে পরের দিন ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। তিনি বলেন, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হবে রমজানের প্রথম দিন এবং ২০ মার্চ (শুক্রবার) হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) ক্যালেন্ডারও ইঙ্গিত দিচ্ছে, রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। যেহেতু ঐতিহ্যগতভাবে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়, তাই বাংলাদেশে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রমজানের প্রথমদিন এবং ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর পালন হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ২০২৬ সালের রোজা শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে পড়ায় আবহাওয়া বেশ ঠাণ্ডা থাকবে। পুরোপুরি শীতপ্রধান মৌসুমে রোজার কার্যক্রম চলায় ভোরে সেহরির সময় এবং রাতে তারাবির পর শীত আরও বেশি অনুভূত হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন