রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সুগন্ধি মেখে নারীর বাইরে যাওয়ায় বিশ্বনবীর হুঁশিয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ১০:২১ এএম

সুগন্ধি মেখে নারীর বাইরে যাওয়ায় বিশ্বনবীর হুঁশিয়ারি

ইসলামে সুগন্ধি বা খুশবোর ব্যবহারকে অত্যন্ত পছন্দের ও সুন্নত কাজ হিসেবে গণ্য করা হয়। স্বয়ং আল্লাহর রাসুল (স.) সুগন্ধি পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে মহানবী (স.) ইরশাদ করেছেন,

‘তোমাদের দুনিয়া থেকে আমার কাছে তিনটি জিনিস অধিক প্রিয়: স্ত্রী, সুগন্ধি আর আমার চক্ষু শীতল হয় নামাজের মাধ্যমে।’ এই উক্তিটি সুগন্ধির গুরুত্বকে তুলে ধরে।

নারীদের জন্যও ঘরের ভেতরে সুগন্ধি ব্যবহার করা জায়েজ এবং উৎসাহিত করা হয়েছে। যদি সেন্ট, পারফিউম বা বডি স্প্রে-তে কোনো ধরনের নাপাক বস্তু মিশ্রিত না থাকে, তবে মুসলিম নারীরা নিঃসন্দেহে ঘরের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারেন।

তবে শরিয়তের বিধান অনুযায়ী, নারী যখন পরপুরুষ গন্ধ পাবে এমন জায়গা দিয়ে সুগন্ধি মেখে চলাচল করেন, তখন তা নিষেধ বলে গণ্য হয়। এর মূল কারণ হলো এটি পর্দার বিধানের সরাসরি লঙ্ঘন। ইসলামে নারীদের সুগন্ধি ব্যবহারের বিধান পর্দার বিধানের মতোই, অর্থাৎ নারী সুগন্ধি মেখে ঘর থেকে বের হলে তার শরয়ি পর্দা আদায় হয় না। হাদিসে এই ধরনের নারীর ওপর কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মহানবী (স.) বলেছেন, ‘প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর কোনো নারী যদি (কোনো ধরনের) সুগন্ধি ব্যবহার করে কোনো (পুরুষের) মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিণী।’ অন্য একটি হাদিসে তিনি আরও বলেছেন,

‘যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের পাশ দিয়ে যাওয়ার ফলে তারা তার ঘ্রাণ পেল সে মহিলা ব্যভিচারিণী।’ এমনকি আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে নারীরা মসজিদে যেতেও সুগন্ধি ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে হাদিসে। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন খুশবো ব্যবহার ছাড়া সাধাসিধাভাবে আসে।’ আরেকটি হাদিসে বলা হয়েছে, ‘যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, তার গোসল না করা পর্যন্ত কোন নামাজ কবুল হবে না।’

এখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে সুগন্ধি ব্যবহারে শালীনতা বজায় রাখা এবং পুরুষের মনোযোগ আকর্ষণ করা থেকে বিরত থাকা আবশ্যিক। তবে কোনো মহিলার যদি দুর্গন্ধের সমস্যা থাকে, তবে তিনি শরিয়তের নির্দেশনা পালনার্থে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। এক্ষেত্রে প্রতি ঘণ্টা অন্তর অন্তর নিজেকে পরিষ্কার করে নেওয়া বা প্রয়োজনে চর্ম বিশেষজ্ঞের পরামর্শমতো শরিয়তের দৃষ্টিতে বৈধ কিছু ব্যবহার করার অনুমতি রয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল নারীকে ইসলামের প্রতিটি বিধান যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন।