বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মুমিন-হৃদয়ের প্রশান্তির নববী চাবিকাঠি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২৫, ১১:১৫ এএম

মুমিন-হৃদয়ের প্রশান্তির নববী চাবিকাঠি

মানবজীবনের সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা, লাভ-ক্ষতি—সবকিছুই মহান আল্লাহর নির্ধারিত মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত। ইসলামের মৌলিক আকিদাগুলোর মধ্যে ‘তাকদিরের ওপর ঈমান’ বা ভাগ্যের ভালো-মন্দের ওপর বিশ্বাস হলো এমন এক স্তম্ভ, যা মানুষের অন্তরকে স্থিরতা, ধৈর্য ও গভীর প্রশান্তি প্রদান করে।

ঈমানের পরিপূর্ণতা তখনই আসে, যখন মানুষ এই ঐশী বিধানের ওপর আন্তরিক বিশ্বাস স্থাপন করে। এই বিশ্বাস নিশ্চিত করে যে মানুষের জীবনে যা কিছু ঘটে, তা আকস্মিক নয়; বরং মহান রবের হিকমাহ বা অতল জ্ঞান ও প্রজ্ঞারই অংশ।

এই গভীর তাৎপর্যপূর্ণ বিষয়টি খুব পরিষ্কারভাবে তুলে ধরেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম:عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ حَتَّى يَعْلَمَ أَنَّ مَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ وَأَنَّ مَا أَخْطَأَهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ ‏"‏ ‏.‏ জাবির ইবনু আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত আছে,

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন; কোনো বান্দাই মুমিন হতে পারবে না, যে পর্যন্ত না সে তাকদির ও তার ভালো-মন্দের ওপর ঈমান আনবে। এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে, যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকত না এবং যা কিছু ঘটেনি তা কখনো তাকে স্পর্শ করবে না। (তিরমিজি, হাদিস : ২১৪৪)এই হাদিস মুমিন জীবনে চারটি মৌলিক শিক্ষা প্রদান করে, যা তাকে জীবনের কঠিন পরিস্থিতিতে প্রশান্তি এনে দেয়:

১. পূর্ণ আস্থা ও স্থিরতা

হাদিসটি শেখায় যে মহান আল্লাহর সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা অর্জন করা আবশ্যক। একজন সত্যিকারের মুমিনকে তার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর নির্ধারণ হিসাবে গ্রহণ করতে হবে। এই বিশ্বাস তার অন্তরে জন্ম দেয় গভীর এক প্রশান্তি, যা জীবনের বাঁকে বাঁকে ঘটমান যেকোনো পরিস্থিতিতে তাকে শান্ত রাখতে সহায়তা করে।

২. দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি

তাকদিরের প্রতি বিশ্বাস দুশ্চিন্তা ও হতাশা থেকেও মুক্তির এক বিরাট মাধ্যম। কারণ তখন মুমিন হৃদয়ে এই ধারণা পোক্ত হয় যে, যা এসেছে তা আসতেই হতো, আর যা আসেনি তা কখনো তাকে স্পর্শ করত না। এই স্থির বিশ্বাস মানুষকে অকারণে ভয়, চিন্তা, হতাশা ও অস্থিরতা থেকে মুক্তি দেয়।

৩. ধৈর্য ও সহনশীলতার অনুশীলন

তাকদিরের প্রতি এই বিশ্বাস মুমিন ব্যক্তিকে ধৈর্য ও সহনশীলতার অনুশীলন শেখায়। কারণ তাকদিরে ঈমান মানে কষ্ট এলেও আল্লাহর ওপর ভরসা করে সবর করা। এই হাদিস মুমিনকে উৎসাহ দেয় কঠিন পরিস্থিতিতে অভিযোগ না করে বরং আল্লাহর হুকুমের প্রতি সন্তুষ্ট থাকতে।

৪. অহংকার ও আত্মগর্ব থেকে দূরত্ব

তাকদিরের প্রতি এই বিশ্বাস মুমিন বান্দাকে অহংকার ও আত্মগর্ব থেকে দূরে থাকতে সাহায্য করে। বিশ্বাসী মুমিন ভালো কিছু পেলে মনে রাখে যে এটাও মহান আল্লাহরই নির্ধারণ করা ছিল। তাই সে অহংকার করে না। আবার খারাপ কিছু এলে হতাশ না হয়ে সবর করে। এই ভারসাম্য তার ব্যক্তিজীবনকে মহত্ত্ব এনে দেয়।

সর্বোপুরি, রাসুল (সা.) এই হাদিসে পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে, 'যতক্ষণ না বান্দা পুরোপুরি তাকদিরে বিশ্বাস করে, সে পূর্ণ মুমিন হতে পারবে না।' অর্থাৎ সত্যিকার ঈমানের স্বাদ ও পরিপূর্ণতা এই মৌলিক বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।