রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে ৫ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:২৫ এএম

যে ৫ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না

আল্লাহর রহমত অগণিত এবং তাঁর দয়ার সাগরের গভীরতার কোনো সীমা নেই। দু'জাহানের মালিক তাঁর বান্দারা যত বেশি তাঁর কাছে চায়, তিনি তত বেশি খুশি হন। কোরআনের ভাষায়, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মু’মিন, আয়াত: ৬০)।

হাদিসে নবীজি (সা.) বলেছেন, দোয়া সব ইবাদতের মূল।তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু পূর্বশর্ত রয়েছে। এসব শর্তের অন্যতম হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি বর্জন করা।

এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন, যারা হারাম উপার্জন ও খাদ্য গ্রহণ করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না।চলুন জেনে নেওয়া যাক, হাদিস ও কোরআনের আলোকে কোন ৫ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না:

১. হারাম খাদ্য গ্রহণকারী ব্যক্তি

হারাম খাবার খাওয়া ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। রাসুল (সা.) বলেছেন, হারাম খাবার, পানীয় ও বস্ত্র অর্থাৎ হারাম উপার্জনে যাপিত জীবন দোয়া কবুলের অন্তরায়। নবীজি (সা.) একদিন সাদকে (রা.)কে বলেন:হে সাদ, তোমার খাদ্য পবিত্র করো, তাহলে মুস্তাজাবুদ দাওয়াত (যার দোয়া কবুল হয়) হতে পারবে।” (আল মুজামুল আওসাত: ৬৪৯৫)

২. নিরাশ হওয়া ব্যক্তি

যে ব্যক্তি দোয়া করে হতাশ হয়ে যায়, তার দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন:তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। যদি-না সে তাড়াহুড়ো করে আর বলে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না।” (বোখারি: ৬৩৪০)

দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে, তিনি অবশ্যই দোয়া কবুল করবেন।

৩. আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া ব্যক্তি

সৎ কাজের আদেশ ও অন্যায় কাজের প্রতিরোধ (আল্লাহ প্রদত্ত অন্যতম দায়িত্ব) যথাযথভাবে পালন না করলে সেই ব্যক্তির দোয়া কবুল হয় না। হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেন:নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ তায়ালা শিগগির তোমাদের ওপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না।” (তিরমিজি: ২১৬৯)

৪. আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি

যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার দোয়া কবুল হয় না। হাদিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে জান্নাতে প্রবেশ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে, নবীজি (সা.) বলেছেন, কোনো মুসলিম দোয়া করার সময় যদি গোনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করে, তবে আল্লাহ তাকে তিনটির মধ্যে যেকোনো একটি দান করবেন: দুনিয়ায় কাঙ্ক্ষিত সুপারিশ, পরকালের জন্য জমা রাখা অথবা বিপদ থেকে রক্ষা করা।

৫. দোয়া করার সময় অমনোযোগী ব্যক্তি

দোয়া করার সময় পূর্ণ মনোযোগ ও একাগ্রতা থাকতে হবে। অবচেতন মনের দোয়া আল্লাহ গ্রহণ করেন না। এ ব্যাপারে রাসুল (সা.) বলেন:তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসাড় মনের দোয়া কবুল করেন না।”