জানুয়ারি ৩০, ২০২৬, ১১:২৬ এএম
শবেবরাত বা লাইলাতুল বরাত কেবল হালুয়া-রুটির উৎসব পালনের রাত নয় বরং এটি নিজের পরকাল বিনির্মাণের এক অনন্য উপলক্ষ। এই মহিমান্বিত রাতে একজন মুমিনের প্রধান করণীয়গুলোর মধ্যে রয়েছে কিয়ামুল লাইল বা রাত জেগে নফল নামাজ পড়া। এছাড়া পবিত্র কোরআনে কারিমের তিলাওয়াত, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার এবং তাওবা ইস্তেগফারের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করা।
এই রাতে নিজের জন্য, বাবা-মায়ের জন্য এবং আত্মীয়-স্বজনসহ সকল মুসলমানের জন্য গুনাহ থেকে মাফ চাওয়া জরুরি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহর কাছে কাঁদো আর যদি কাঁদতে না পার তবে অন্তত কাঁদার ভান করো।
কারণ আল্লাহর কাছে চোখের পানির চেয়ে শক্তিশালী আর কোনো কিছু নেই। তাই দোয়া ও মোনাজাতের মাধ্যমে চোখের পানি ফেলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় রাতটি অতিবাহিত করা উচিত।
অন্যদিকে শবেবরাতের পবিত্রতা নষ্ট হয় এমন কিছু বর্জনীয় কাজ থেকে আমাদের কঠোরভাবে দূরে থাকতে হবে। এই রাতে অযথা রাস্তায় ঘোরাফেরা করা, পটকা ফোটানো কিংবা আতশবাজি করার মতো অনৈসলামিক কাজগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। হইহুল্লোড় বা অযাচিত আনন্দ-উল্লাস করে অন্যের ইবাদতে বিঘ্ন ঘটানো ইসলামে নিষিদ্ধ। অনেকে এই রাতে গাড়ি ভাড়া করে এক মসজিদ থেকে অন্য মসজিদে ঘুরে বেড়ান যা ইবাদতের একাগ্রতা নষ্ট করে। অতিরিক্ত খাবার দাবার বিশেষ করে হালুয়া-রুটি নিয়ে মাতামাতি করে রাতের মূল উদ্দেশ্য ইবাদত থেকে বিচ্যুত হওয়া যাবে না।
বরং সন্ধ্যার আগেই নিজেকে পবিত্র করে পরিচ্ছন্ন পোশাক পরে এবং সুগন্ধি মেখে মসজিদে বা ঘরে একাগ্রতার সাথে ইবাদতে মগ্ন হওয়া উচিত।মানুষের জীবনে গুনাহ হওয়া অস্বাভাবিক নয় কিন্তু গুনাহের ওপর অটল থাকা বিপদের কারণ। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের বিভিন্ন সুরায় বান্দাকে বারবার তাওবা করার আহ্বান জানিয়েছেন।
সুরা তাহরিমে বলা হয়েছে যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করো যাতে তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দেন এবং জান্নাতে দাখিল করেন। মানুষের ফিতরাত বা স্বভাবের সাথে গুনাহের সম্পর্ক থাকলেও মৃত্যুর আগে খাঁটি তাওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন বলে সুরা যুমারে আশ্বস্ত করা হয়েছে। সুতরাং এই বরকতময় রাতকে অবহেলায় না কাটিয়ে খাঁটি তাওবা ও ইবাদতের মাধ্যমে নতুনভাবে জীবন গড়ার শপথ নিতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন