রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদুল ফিতর কবে? ২০ নাকি ২১ মার্চ, যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ১০:৫৪ এএম

ঈদুল ফিতর কবে? ২০ নাকি ২১ মার্চ, যা জানা গেল

ঈদের চাঁদের প্রতীকি ছবি

পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের শেষ দশকে পদার্পণ করেছে মুসলিম বিশ্ব। সিয়াম পালনকারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাওয়াল মাসের চাঁদের জন্য। প্রতি বছরের মতো এবারও রমজান মাস কত দিনের হবে এবং পবিত্র ঈদুল ফিতর কবে পালিত হবে তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। 

এই অবস্থায় আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগাম তথ্য দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)। সংস্থাটির সর্বশেষ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

সুপারকো তাদের এক বিবৃতিতে জানিয়েছে যে আগামী ১৯ মার্চ পাকিস্তান সময় সকাল ৬টা ২৩ মিনিটে শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে। তবে ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১২ ঘণ্টা ৪১ মিনিট যা খালি চোখে দেখার জন্য যথেষ্ট নয়। 

সাধারণত সূর্যাস্তের সময় নতুন চাঁদের অবস্থান ও বয়স বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞরা চাঁদ দেখার পূর্বাভাস দিয়ে থাকেন। সংস্থাটির মতে ১৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকায় চলতি বছরের রমজান মাস ৩০ দিন পূর্ণ করতে পারে। সেই হিসেবে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতর ২১ মার্চ হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।তবে মহাকাশ গবেষণা সংস্থার এই হিসাবটি সম্পূর্ণ গাণিতিক ও বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 

ইসলামি বিধান অনুযায়ী মাস শুরু ও শেষ হওয়ার বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই ঈদুল ফিতরের সঠিক তারিখ নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে চাঁদ দেখার সময় ভিন্ন হতে পারে বিধায় বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হবে। গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এবারের রমজান মাসটি চন্দ্রবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী পালন করা হচ্ছে যা গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় দশ দিন ছোট হয়।