মার্চ ১৭, ২০২৬, ০৯:৩৯ পিএম
মক্কার পবিত্র মসজিদুল হারামে দীর্ঘ ৩৬ বছর ধরে তারাবির নামাজে পবিত্র কোরআন খতমের এক অনন্য রেকর্ড গড়লেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। আজ মঙ্গলবার রাতের তারাবিতে তিনি এই মহৎ খতম সম্পন্ন করবেন বলে জানা গেছে। শায়খ সুদাইস বর্তমানে মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৮৪ সাল থেকে তিনি টানা ৪৩ বছর এই পবিত্র মসজিদের ইমাম ও খতিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।জানা যায় যে শায়খ আল-সুদাইস মাত্র ২২ বছর বয়সে ১৯৮৪ সালের মে মাসে খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
তৎকালীন সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের রাজকীয় আদেশে তাকে এই সম্মানজনক পদে নিযুক্ত করা হয়। তিনি ছিলেন মসজিদুল হারামের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ইমামদের একজন। কর্মজীবনের শুরুতে তিনি প্রথমবার আসর নামাজের ইমামতি করেন এবং পরবর্তীতে প্রধান ইমাম হিসেবে মনোনীত হন।
২০২৬ সালে এসে মসজিদুল হারামে তার তারাবির নামাজে কোরআন খতমের ৩৬তম বছর পূর্ণ হলো যা সারা বিশ্বের মুসলিমদের জন্য এক বিশেষ খবর।শায়খ আল-সুদাইস ১৯৬০ সালের ১০ ফেব্রুয়ারি সৌদি আরবের কাসিম অঞ্চলে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং বাবা-মায়ের বিশেষ অনুপ্রেরণায় মাত্র ১২ বছর বয়সেই পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন।
রিয়াদে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে তিনি উচ্চশিক্ষায় মনোনিবেশ করেন। ১৯৮৭ সালে তিনি স্নাতকোত্তর এবং ১৯৯৫ সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ ইমামতি জীবনে তিনি কেবল কোরআন তেলাওয়াতই নয় বরং ধর্মীয় শিক্ষকতা ও সমাজসেবামূলক কাজেও বিশেষ অবদান রেখেছেন। তার সুললিত কণ্ঠের তেলাওয়াত ও আবেগঘন দোয়া সারা বিশ্বের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন