বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সড়ক দুর্ঘটনায় মৃত্যু কি শহীদি মর্যাদা পায়? ইসলাম যা বলে

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১০:১০ পিএম

সড়ক দুর্ঘটনায় মৃত্যু কি শহীদি মর্যাদা পায়? ইসলাম যা বলে

ধর্মীয় ব্যাখ্যামূলক ছবি

ইসলামে মৃত্যুর ধরণ ও অবস্থা মুমিনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। বিশেষ করে শহীদ হিসেবে মৃত্যু বরণ করাকে ইসলামের দৃষ্টিতে অত্যন্ত উচ্চ মর্যাদা ও সম্মানের হিসেবে দেখা হয়। সাধারণ মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে যে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারানো ব্যক্তি কি আখেরাতে শহীদের মর্যাদা পাবেন কি না। 

ইসলামের মূল শিক্ষা ও বিভিন্ন নির্ভরযোগ্য হাদিসের আলোকে এই বিষয়ের একটি স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় যা সাধারণ পাঠকদের জন্য জেনে রাখা জরুরি।

ইসলামি বিধান অনুযায়ী প্রকৃত বা হাকিকি শহীদ হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর পথে তাওহিদের কালিমাকে সমুন্নত করতে গিয়ে যুদ্ধক্ষেত্রে লড়াই করে নিহত হন। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা এ ধরণের শহীদদের মৃত বলতে নিষেধ করেছেন এবং তারা রবের পক্ষ থেকে বিশেষ রিজিকপ্রাপ্ত হন বলে ঘোষণা করা হয়েছে। 

তবে আল্লাহর রহমত ও ইসলামের ব্যাপকতার কারণে রাসুলুল্লাহ (সা.) শহীদের পরিধিকে আরও বিস্তৃত করেছেন। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী মহামারী, পানিতে ডুবে যাওয়া, আগুনে পুড় দেখা, পেটের রোগ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু এবং সন্তান প্রসবকালে মারা যাওয়া নারীরাও শহীদের মর্যাদা লাভ করবেন।এই বিশেষ শ্রেণির শহীদদের ইসলামি ফিকহের পরিভাষায় হুকুমি শহীদ বলা হয়। অর্থাৎ তারা যুদ্ধক্ষেত্রের শহীদের মতো দুনিয়াবি নিয়ম বা গোসল-জানাজার বিশেষ বিধান না পেলেও আখেরাতে শহীদের পূর্ণ সওয়াব ও মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ। 

বর্তমান সময়ের বিশিষ্ট আলেমদের মতে সড়ক দুর্ঘটনা যেহেতু একটি আকস্মিক এবং অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু যা ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যুর সাথে সাদৃশ্যপূর্ণ তাই সড়ক দুর্ঘটনায় নিহত ঈমানদার ব্যক্তিও হুকুমি শহীদের অন্তর্ভুক্ত হতে পারেন।তবে এই মর্যাদা লাভের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই একজন মুমিন বা বিশ্বাসী হতে হবে। 

এছাড়া তার মৃত্যু যেন কোনো বড় গুনাহ বা অবৈধ কাজ করতে গিয়ে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ইসলামে শহীদের এই বিশেষ সম্মাননা মূলত ব্যক্তির ঈমান ও তাকওয়ার সাথে সরাসরি সম্পর্কিত। তাই নিশ্চিতভাবে কাউকে শহীদ ঘোষণা না করে বরং ইনশাআল্লাহ শহীদ বলা এবং মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান ও মাগফিরাত কামনা করা মুমিনদের দায়িত্ব।