জুলাই ২৬, ২০২৬, ০৫:১৯ পিএম
উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের এক বিশেষ ধর্মীয় সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৪ আগস্ট মঙ্গলবার তিনি ভারতের দিল্লি থেকে বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
সফরকালে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত আন্তর্জাতিক সেমিনার, শিক্ষক-আলেম সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।এই সফর ঘিরে দেশের আলেমসমাজ ও কওমি অঙ্গনে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।সফরসূচি অনুযায়ী ৪ আগস্ট দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তিনি রাজধানীর একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন।
পরদিন ৫ আগস্ট বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে প্রধান বয়ান পেশ করবেন। মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর মিরপুরের জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে আলেমদের উদ্দেশ্যে বিশেষ নসিহত প্রদান করবেন তিনি। একই দিন সন্ধ্যায় বসুন্ধরার মারকাজুল ফিকরিল ইসলামীতে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় বক্তব্য দেবেন।
সফরের তৃতীয় দিন ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে তিনি আকাশপথে উত্তরবঙ্গের বগুড়ায় যাবেন এবং সেখান থেকে মধ্যাহ্নে পিরোজপুরে পৌঁছাবেন। পিরোজপুরের আশরাফুল মাদারিস প্রাঙ্গণে অনুষ্ঠিত তাহাফফুজে ফিকরে আকাবির শীর্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি অংশ নেবেন। বিকেলে ঢাকায় ফিরে উত্তরা এলাকায় আয়োজিত বিশেষ ইসলামি কনফারেন্সে ধর্মপ্রাণ মানুষের উদ্দেশ্যে মূল্যবান নসিহত পেশ করবেন তিনি।
সফরের শেষ দিন ৭ আগস্ট শুক্রবার তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং উপস্থিত সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন। একই দিন বিকেল চারটা ৩০ মিনিটে বিমানযোগে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।সফর বাস্তবায়ন কমিটির প্রতিনিধি ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের দায়িত্বশীলরা জানান, দেওবন্দের শীর্ষ আলেমের এই অবস্থান কওমি শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন