বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গোসল ফরজ থাকা অবস্থায় রান্নাবান্না করা কি জায়েজ?

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৬:৪৪ পিএম

গোসল ফরজ থাকা অবস্থায় রান্নাবান্না করা কি জায়েজ?

Ai - ছবি

ইসলামি শরিয়ত অনুযায়ী ফরজ গোসল সম্পন্ন করার আগে নারীরা রান্নাবান্নাসহ ঘরের অন্য কাজ করতে পারবেন কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। সম্প্রতি এক প্রশ্নের জবাবে বিশিষ্ট ইসলামি আলোচক ও বক্তা শায়খ আহমাদুল্লাহ এর স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি জানিয়েছেন, ফরজ গোসল বাকি থাকা অবস্থায় নির্দিষ্ট কিছু ধর্মীয় কাজ নিষিদ্ধ হলেও গৃহস্থালির কাজ করতে ইসলামে কোনো বাধা নেই।

শায়খ আহমাদুল্লাহ বলেন, গোসল ফরজ থাকা অবস্থায় মূলত পাঁচটি কাজ করা নিষিদ্ধ। এগুলো হলো—নামাজ আদায় করা, পবিত্র কাবা তাওয়াফ করা, মসজিদে অবস্থান করা, কোরআন স্পর্শ করা এবং তিলাওয়াত করা। এই পাঁচটি কাজ ব্যতীত অন্য যেকোনো সাধারণ ও সাংসারিক কাজ করা সম্পূর্ণ বৈধ। তিনি জোর দিয়ে বলেন, কোনো নারী যদি সহবাসের পর ফরজ গোসল করার আগে রান্নাবান্না করেন, গৃহস্থালির কাজ করেন বা সন্তানকে দুধ পান করান, তবে তা শরিয়ত অনুযায়ী সম্পূর্ণ জায়েজ।

সমাজে প্রচলিত নারীদের ওপর বাড়তি কঠোরতার বিষয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, ধর্মীয় বিধান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণেই এ ধরনের ভুল ধারণা সমাজে ছড়ায়। পুরুষদের ক্ষেত্রে যে নমনীয়তা থাকে, অনেক সময় নারীদের ক্ষেত্রে অযৌক্তিক কঠোরতা আরোপ করা হয়, যা সঠিক নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, সাহরি খেয়ে রোজা শুরু করার পর গোসল করলেও তাতে রোজার কোনো সমস্যা হয় না।

তিনি আরও পরামর্শ দেন যে, ফরজ গোসল যত দ্রুত সম্ভব সম্পন্ন করাই উত্তম। তবে যদি গোসল করতে বিলম্ব হয়, তবে তার আগে ওজু করে নেওয়া ভালো। তিনি সহিহ মুসলিমের হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, রাসুলুল্লাহ (সা.) গোসল ফরজ হওয়ার পর ঘুমানো বা অন্য কাজের আগে ওজু করার পরামর্শ দিয়েছেন। তবে ওজু না করলেও কোনো গুনাহ হবে না বলে জানানো হয়েছে।