বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ০৫:৩৯ পিএম

২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ

২০২৭ সালের পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের হিসাব প্রকাশ করেছে বিভিন্ন জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিসাব অনুযায়ী, আগামী বছরে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। তবে রমজানের চূড়ান্ত সূচনা সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

হিজরি বর্ষপুঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান মাস প্রায় দশ থেকে বারো দিন করে এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় প্রায় দশ থেকে এগারো দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে।

ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা প্রথম রোজা রাখবেন। সাধারণত রমজান মাস উনত্রিশ কিংবা ত্রিশ দিনের হয়ে থাকে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, রোজা শেষে ঈদুল ফিতর পালিত হতে পারে ২০২৭ সালের ১০ মার্চ।

জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে সম্ভাব্য তারিখ আগে থেকেই নির্ধারণ করা সম্ভব হলেও রমজান ও ঈদের আনুষ্ঠানিক সূচনা সর্বদা ইসলামী রীতি অনুযায়ী চাঁদ দেখার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তাই নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষই চূড়ান্ত ঘোষণা প্রদান করবে।