রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৭:২৮ পিএম

মানবসভ্যতা টিকিয়ে রাখতে পরিবার ব্যবস্থার বিকল্প নেই

ছবি - সংগৃহীত

পরিবার হলো মানবসভ্যতার মূল ভিত্তি, যা মানুষের মানসিক প্রশান্তির উৎস। মানবসভ্যতাকে টিকিয়ে রাখার জন্য পারিবারিক ব্যবস্থা মজবুত করার কোনো বিকল্প নেই, এমনটাই বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শনিবার (২০ সেপ্টেম্বর, ২০২৫) অস্ট্রেলিয়ার সিডনিতে ‘পরিবার ব্যবস্থাপনার সংকট ও দাম্পত্য সম্পর্কের গুরুত্ব’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শায়খ আহমাদুল্লাহ বলেন, বর্তমানে আধুনিক সমাজে পরিবার ভেঙে যাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে,

যা একটি সুস্থ সমাজের জন্য অশনিসংকেত। তিনি এর কারণ হিসেবে পশ্চিমা সংস্কৃতির প্রভাব এবং ধর্মীয় অনুশাসনের শিথিলতাকে দায়ী করেন।দীর্ঘ দুই ঘণ্টার আলোচনায় তিনি কোরআন ও হাদিসের আলোকে পরিবারে বিদ্যমান সংকট এবং দাম্পত্য সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও দাম্পত্য সম্পর্কগুলো টিকিয়ে রাখতে হবে। এটি সম্ভব কেবল পরিবারে দ্বিন চর্চা এবং পশ্চিমা সংস্কৃতির ধ্বংসাত্মক প্রভাব থেকে নিজেদের রক্ষা করার মাধ্যমে। তিনি বলেন, পরিবারকে বাঁচাতে প্রয়োজন বহুমুখী ত্যাগ, সবর ও শোকরের চর্চা।

সিডনিপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফজর গ্রুপ’ আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৯০০ নারী ও পুরুষ অংশ নেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন সেন্ট মেরিস মসজিদের ইমাম শায়খ আবু হুরাইরা এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুনির রহমান।