অক্টোবর ৪, ২০২৫, ১০:০৩ এএম
আজ শনিবার (০৪ অক্টোবর) সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস স্মরণে এই দিনটি পালিত হয়।
আজ শনিবার (০৪ অক্টোবর) সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। বিশ্বের মুসলমানদের কাছে দিনটি গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস হিসেবে পরিচিত।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ হলো এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে হিজরি সনের রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝানো হয়। বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.) হিজরি ৫৬১ সনের এই দিনেই মৃত্যুবরণ করেন। মূলত, তাঁর ওফাত দিবস স্মরণেই দিনটি পালিত হয়ে আসছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হয়েছে, যার ফলস্বরূপ আজ ১১ রবিউস সানি, অর্থাৎ ফাতেহা-ই-ইয়াজদাহম।
হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ এবং মাতা ছিলেন বিবি ফাতেমা। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন।
মুসলিম সমাজে হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর অবদান অনন্য এবং তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ ধর্মপ্রাণ মুসলমানরা তাঁর জন্য দোয়া-মোনাজাত এবং তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করে থাকেন। এটি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিবস হিসেবে বিবেচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন