বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
কোরআনের বাণী

সত্য অনুধাবনের পরও প্রত্যাখ্যানের পরিণতি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ১০:০৭ এএম

সত্য অনুধাবনের পরও প্রত্যাখ্যানের পরিণতি

পবিত্র কোরআনের সুরা আনআমের ১১০ নম্বর আয়াতে মহান আল্লাহ তায়ালা সত্যকে জানার পরও তা প্রত্যাখ্যান করার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ বলছেন যে, তিনি সত্য প্রত্যাখ্যানকারীদের শাস্তি এভাবেই দেবেন।এর কারণ হলো, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আহবানকারীর ডাক এসেছিল, এবং তাদের কাছে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল যে এই আহবান আল্লাহর পক্ষ থেকে এবং তাঁর বাণীই সত্য, তখনও তারা তাতে ঈমান আনেনি বা বিশ্বাস স্থাপন করেনি।

তারা যেহেতু প্রথমবারেই সত্যকে প্রত্যাখ্যান করেছে, তাই এর শাস্তি হিসেবে আল্লাহ বলেন, ‘আমিও তাদের অন্তর ও দৃষ্টিকে ফিরিয়ে দেব।’ এর ফলে তাদের অন্তর সত্য গ্রহণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, ঈমান এবং তাদের মাঝে একটি শক্ত বাধা তৈরি হয়ে যায়। তারা সত্যকে আর সত্য হিসেবে দেখতে পায় না এবং সঠিক পথে চলার সক্ষমতা হারিয়ে ফেলে।

ইসলামী চিন্তাবিদরা বলেন, এটা মহান আল্লাহর ইনসাফ বা ন্যায়বিচারেরই দাবি। আল্লাহর যেসব বান্দা নিজেদের ওপর নিজেরাই অপরাধ করে, আল্লাহর অবারিত রহমত দেখার পরও তা গ্রহণ করে না এবং সঠিক পথ স্পষ্ট দেখানোর পরও সে পথে চলে না, আল্লাহ তাদের থেকে হেদায়েত বা সত্য গ্রহণ করার তাওফিক উঠিয়ে নেন।

এর চূড়ান্ত পরিণতি হলো, আল্লাহ তাদেরকে তাদের নিজেদের অবাধ্যতার মধ্যেই উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন। তারা পথভ্রষ্টতাকেই সঠিক পথ মনে করে এবং সেই অবিশ্বাসের মধ্যেই ঘুরপাক খেতে থাকে।