বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হারুত ও মারুত: তারা কি ফেরেশতা ছিলেন না মানুষ?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০৪:৩০ পিএম

হারুত ও মারুত: তারা কি ফেরেশতা ছিলেন না মানুষ?

ইসলামী ইতিহাসে হারুত ও মারুত এমনই এক জোড়া রহস্যময় নাম, যাদের ঘিরে নানা গল্প, উপকথা এবং পৌরাণিক বর্ণনা পর্যন্ত প্রচলিত রয়েছে, যা অনেক সময় মূল সত্যকে আড়াল করে দেয়। এই নাম দুটি প্রাচীন মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) বাবেল শহরের (ব্যাবিলন) সঙ্গে সম্পর্কিত, যেখানে একসময় জাদুবিদ্যার ব্যাপক চর্চা হতো।

পবিত্র কোরআনের সুরা আল-বাকারা’র ১০২ নম্বর আয়াতে হারুত ও মারুতের উল্লেখ এসেছে। কোরআনের ভাষ্যমতে, তৎকালীন সময়ে মানুষেরা হযরত সোলাইমান (আ.)-এর রাজত্বকালে শয়তানদের আবৃত্তি করা এক প্রকার শাস্ত্র বা জাদুবিদ্যার অনুসরণ করছিল। তারা নবী সোলাইমান (আ.)-এর প্রতি জাদু ব্যবহারের অপবাদ দেয়। আল্লাহ তায়ালা এই অপবাদ খণ্ডন করে বলেন, ‘সোলাইমান কুফরি করেননি; শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত।

আল্লাহ তায়ালা আরও বলেন, ‘এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল, তা শিক্ষা দিত। তারা উভয়ই এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে, ‘আমরা পরীক্ষার জন্য; কাজেই তুমি (এটি শিখে) কাফের হয়ো না।’ অতঃপর মানুষেরা তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যা দ্বারা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো যায়। যদিও তারা আল্লাহর আদেশ ছাড়া তা দ্বারা কারো অনিষ্ট করতে পারত না।’

বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির (রহ.)-এর মতে, হযরত সোলাইমান (আ.) জাদুবিদ্যা চর্চা করতেন না, বরং তিনি এসব নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং জাদুর বইগুলো তার সিংহাসনের নিচে পুঁতে ফেলেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর অসাধু লোকেরা সেগুলো খুঁড়ে বের করে এবং প্রচার করে যে, সোলাইমান (আ.) এই জাদুর জোরেই রাজত্ব করতেন। এই অপবাদ থেকেই বর্তমানে ‘সোলেমানি তাবিজ’-এর মতো কুসংস্কারের উদ্ভব হয়েছে।

মূল প্রশ্ন হলো, হারুত ও মারুত আসলে কে ছিলেন? এ নিয়ে দুটি ব্যাখ্যা প্রচলিত আছে। ইমাম তাবারি (রহ.) ও ইবন জারির (রহ.)-এর মতে, কোরআনের আয়াতে উল্লিখিত শব্দটি “মালাকাইনে” (দুজন ফেরেশতা) এবং “মালিকাইনে” (দুজন শাসক)—উভয় পাঠরীতিতেই প্রচলিত।যদি “মালিকাইনে” অর্থে ধরা হয়, তাহলে হারুত-মারুত ফেরেশতা ছিলেন না, বরং তারা তৎকালীন বাবেল শহরের দুজন সৎ শাসক বা মানুষ ছিলেন।

আর যদি “মালাকাইনে” (দুজন ফেরেশতা) অর্থে নেওয়া হয়, তবে আল্লাহ তায়ালা মানুষকে পরীক্ষার জন্য এই দুই ফেরেশতাকে পাঠিয়েছিলেন। তারা মানুষকে জাদুবিদ্যার বাস্তবতা ও এর ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষা দিতেন এবং একইসাথে সতর্ক করে দিতেন যে, এটি কেবলই একটি পরীক্ষা এবং এটি শেখা কুফরি। এটি ফেরেশতাদের কোনো শাস্তি ছিল না, বরং মানবজাতির জন্য একটি পরীক্ষা ছিল।

কারণ ইসলামী আকিদা অনুযায়ী ফেরেশতারা নিষ্পাপ। কোরআনের ভাষায়, ‘তারা (ফেরেশতারা) আল্লাহ যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা আদেশপ্রাপ্ত, তা-ই সম্পাদন করে।’ (সুরা আত-তাহরিম, আয়াত ৬)অতএব, হারুত ও মারুতকে ঘিরে প্রচলিত ‘জোহরা নামের নারী’ সংক্রান্ত বা তাদের পাপাচারী হওয়ার যে গল্পগুলো সমাজে প্রচলিত, সেগুলো নিছক মনগড়া, ভিত্তিহীন ও ইসরায়েলি বর্ণনাপ্রসূত মিথ্যা কল্পকাহিনি।