নভেম্বর ১১, ২০২৫, ১২:০৫ পিএম
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুতে উইকেট পেলেও, পরে আর সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা। আইরিশ তারকা পল স্টার্লিংয়ের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড।
মধ্যাহ্নভোজন বিরতির আগে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৯৪ রান। পল স্টার্লিং ৫৮ এবং অভিষিক্ত কেড কারমাইকেল ৩০ রানে অপরাজিত রয়েছেন।
দুবার 'জীবন' পেয়ে স্বভাবসুলভ ব্যাটিংয়ে মাত্র ৬১ বলে নিজের ফিফটি তুলে নেন পল স্টার্লিং। পেসার হাসান মাহমুদের করা ২২তম ওভারের চতুর্থ বলে চার মেরে তিনি টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন।
এর আগে, টস হেরে ফিল্ডিং করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। আয়ারল্যান্ডের ইনিংসের চতুর্থ বলেই উইকেট এনে দেন পেসার হাসান মাহমুদ। তার ফুল লেংথ বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি।এই টেস্টের মাধ্যমে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক করেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সর্বশেষ জুনে টেস্ট খেলা বাংলাদেশ দল এই সিরিজের মাধ্যমে লম্বা সময় পর আবার সাদা পোশাকে খেলায় ফিরলো। টাইগার বোলারদের জন্য প্রথম সেশনের পর আইরিশদের অল্প রানে আটকানোই এখন প্রধান লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন