নভেম্বর ১১, ২০২৫, ০৭:৪৪ পিএম
চার বছর আগের সেই বেদনাদায়ক বিকেলের কথা বার্সেলোনা সমর্থকরা আজও ভুলতে পারেননি। চোখের জলে যে ক্লাব ছেড়েছিলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি, ঠিক সেই মেসিই গত রবিবার রাতে হঠাৎ ফিরে গেলেন নিজের প্রিয় পুরনো ঠিকানা স্পটিফাই ক্যাম্প ন্যুতে।
তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো বার্সেলোনা কর্তৃপক্ষ জানত না যে তাদের ইতিহাসের সেরা সন্তান স্টেডিয়ামে আসছেন।
ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আর্জেন্টিনা দলের প্রীতি ম্যাচের প্রস্তুতির জন্য স্পেনে আসেন মেসি। কিন্তু মূল গন্তব্য আলিকান্তে যাওয়ার আগে তিনি চুপিচুপি ঢুকে পড়েন বার্সেলোনায়।
বার্সেলোনার প্রশাসন বা লকাররুমের কেউই এই ঝটিকা সফরের কথা জানতেন না। স্টেডিয়ামের নির্মাণকাজের দায়িত্বে থাকা তুর্কি প্রতিষ্ঠান লিমাকের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে এবং তখনই তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সূত্রমতে এই সফরটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। মূলত নতুন রূপে সেজে ওঠা নিজের পুরনো সাম্রাজ্যের মাঠটাকে অনুভব করাই ছিল মেসির উদ্দেশ্য।
তবে ক্যাম্প ন্যু থেকে বেরিয়ে তিনি ইনস্টাগ্রামে যে বার্তা দিয়েছেন তাতেই কাতালুনিয়ার বাতাসে নতুন জল্পনার ডালপালা মেলতে শুরু করেছে।মেসি লিখেছেন যে তিনি এই জায়গাটি মন থেকে মিস করেন এবং আশা করেন একদিন ফিরবেন শুধু বিদায় জানাতে নয়। এই একটি লাইনই ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগিয়েছে যে মেসি কি তবে আবার বার্সেলোনায় ফিরতে চান? ২০২১ সালে আর্থিক সংকটের কারণে বার্সেলোনা তাকে ধরে রাখতে পারেনি।
বর্তমানে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত তার চুক্তি রয়েছে। তবুও ক্যাম্প ন্যুর অসমাপ্ত গ্যালারি আর ধুলোমাখা সিঁড়িতে পা রেখে মেসির এই গোপন সফর এবং রহস্যময় বার্তা ভবিষ্যতে বার্সেলোনায় তার নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগামী বছর বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন ও চলমান পুনর্গঠনের কাজের মাঝে মেসির এই সফরকে অনেকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন