নভেম্বর ১২, ২০২৫, ১১:১২ এএম
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আয়ারল্যান্ড। প্রথম দিনে ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে দিন শেষ করা আইরিশরা আজ বুধবার (১২ নভেম্বর) সকালে মাত্র ১৪ বল টিকতে পেরেছে।
কোনো রান যোগ না করেই ২৮৬ রানেই থামতে হয়েছে সফরকারীদের।দিনের শুরুতেই বল হাতে আঘাত হানেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম ও পেসার হাসান মাহমুদ। দিনের শুরুতে তাইজুল ইসলাম ম্যাথু হামফ্রেসকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন।
ঠিক এর পরের ওভারেই পেসার হাসান মাহমুদ বোল্ড করেন ব্যারি ম্যাককার্থিকে (২১)। ফলে দিনের খেলা শুরুর মাত্র কয়েক মিনিটের মধ্যেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।
এর আগে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ভালো শুরু পেলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন অভিজ্ঞ পল স্টার্লিং এবং অভিষিক্ত কেড কারমাইকেল করেন ৫৯ রান। এছাড়া কার্টিস ক্যাম্পার ৪৪ এবং লোরকান টাকার ৪১ রান করে দলের স্কোর বাড়াতে সাহায্য করেন। প্রথম দিনে বাংলাদেশের বোলাররা দাপট দেখালেও আইরিশ মিডল অর্ডার কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ, যিনি সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া পেসার হাসান মাহমুদ, স্পিনার তাইজুল ইসলাম এবং অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নেন। নাহিদ রানা পান একটি উইকেট। এখন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে বাংলাদেশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন