নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৫৩ এএম
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য ও অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম হলেন মুশফিকুর রহিম। সাদা পোশাকের ক্রিকেটে তার অর্জনের খাতা বেশ সমৃদ্ধ এবং কিছু অনন্য রেকর্ডের মালিক তিনি। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিম শিগগিরই শততম টেস্ট খেলার বিরল কীর্তি গড়তে চলেছেন।
এই দীর্ঘ ও বর্ণাঢ্য যাত্রায় তিনি তৈরি করেছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক রেকর্ড।ব্যাটিংয়ে মুশফিকের অবদান সবসময়ই ছিল গুরুত্বপূর্ণ। ২০১৩ সালে শ্রীলঙ্কার গালে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিনি।
এরপর আজ পর্যন্ত বাংলাদেশের টেস্ট ইতিহাসে তিনিই সর্বোচ্চ তিনটি ডাবল সেঞ্চুরির মালিক। তার অপরাজিত ২১৯ রানের ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ হিসেবে আজও টিকে আছে।
বিশেষ করে, উইকেটের পেছনে দাঁড়িয়ে ব্যাট হাতে এমন নৈপুণ্য তাকে বিশ্ব রেকর্ডের পথে নিয়ে গেছে। মুশফিকুর রহিম টেস্ট ইতিহাসের একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়েছেন।উইকেটরক্ষক এবং ব্যাটার—এই দুই ভূমিকায় তার অলরাউন্ড দক্ষতার প্রমাণ মেলে অন্য পরিসংখ্যানে। টেস্ট ক্রিকেটে ২ হাজার রান করার পাশাপাশি ১০০টি ডিসমিসাল করা ক্রিকেটারদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন তিনি।
এছাড়া, অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ ম্যাচে তিনি উইকেটরক্ষকের কঠিন দায়িত্বও পালন করেছেন। মুশফিকের ধৈর্যশীল ক্যারিয়ারের প্রমাণ মেলে আরও এক তথ্যে। ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করতে মুশফিকুর রহিম সবচেয়ে বেশি সময় নেওয়া ক্রিকেটার হিসেবেও পরিচিতি পেয়েছেন— যার ব্যাপ্তি প্রায় ২০ বছর ৫ মাস ১২৪ দিন।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার ব্যাটে সবচেয়ে বেশি রান এসেছে; সাদা পোশাকে এই মাঠে তিনি করেছেন মোট ১৮৫৫ রান। এছাড়াও, আন্তর্জাতিক ক্রিকেটে তার একটি ব্যতিক্রমী আউট হওয়ার ঘটনা রয়েছে—দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি টেস্ট ক্রিকেটে 'অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড' আউট হয়েছিলেন। মুশফিকের এই রেকর্ডগুলো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার কিংবদন্তি অবস্থানকে আরও সুসংহত করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন