বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ক্রিকেটের অভিজাত একাদশে মুশফিক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৯:৩৬ পিএম

ক্রিকেটের অভিজাত একাদশে মুশফিক

ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে রথী-মহারথীদের মাইলফলকের গল্পের শেষ নেই। রেকর্ডের বইয়ে অধ্যায়ের পর অধ্যায়ে নানান কীর্তিগাথা রয়েছে, যার একটি অধ্যায়ে বাংলাদেশের কেউ জায়গা করে নিয়েছে—বিষয়টি নিঃসন্দেহে গৌরবের।

‘শততম টেস্টে সেঞ্চুরি’র অভিজাত অধ্যায়ে একাদশ ক্রিকেটার হিসেবে নাম তুলে ইতিহাসের অংশ হয়ে গেলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তির সঙ্গে সেঞ্চুরি করে তিনি ১৪৮ বছর বয়সি টেস্টের এলিট ক্লাবে প্রবেশ করেছেন।

রিকি পন্টিং ও জো রুটদের মতো কিংবদন্তিদের সঙ্গে এই অভিজাত ক্লাবের একাদশ সদস্য হলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর।

শততম টেস্টে সেঞ্চুরির ক্লাবে সর্বপ্রথম নাম উঠেছিল ১৯৬৮ সালের ১১ জুলাই, যখন ইংল্যান্ডের কলিন কাউড্রে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন। এর ৫৭ বছর ৪ মাস ৯ দিন পর সবশেষ এই তালিকায় নাম লেখালেন মুশফিকুর। এই দীর্ঘ সময়ে আরও ৯ জন ক্রিকেটার এই বিরল কীর্তি গড়েছেন। তালিকায় ইংল্যান্ডের ক্রিকেটারই সবচেয়ে বেশি, মোট তিনজন—কলিন কাউড্রে, অ্যালিচ স্টুয়ার্ট ও জো রুট।

অস্ট্রেলিয়ার দুজন ক্রিকেটারও এই কীর্তি গড়েছেন—রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। এই ক্লাবে দক্ষিণ আফ্রিকার হয়ে আছেন গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। পাকিস্তানের পক্ষে ইনজামাম-উল-হক ও জাভেদ মিঁয়াদাদ এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে গর্ডন গ্রিনিজ এই অভিজাত তালিকায় নাম তুলেছেন।

তালিকায় অন্যতম আকর্ষণ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং, যিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি (১২০ ও ১৪৩*) হাঁকিয়েছিলেন। এই তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ডটি শুধু তারই। তালিকার নবম ও দশম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের জো রুট এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার নিজেদের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাকিদের চেয়ে আলাদা একটি স্থান তৈরি করেছেন।

২০২১ সালে ভারতের বিপক্ষে চেন্নাইতে জো রুট এই কীর্তি গড়েন, আর ওয়ার্নার ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক ২০০ রান করেন। আর সবশেষ মুশফিকুর রহিম এই ক্লাবে নাম লিখিয়ে একাদশ সদস্য হিসেবে এই অধ্যায়কে পূর্ণতা দিলেন। এখন ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় আছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে কে এই গৌরবের খাতায় নাম লেখান।