নভেম্বর ২১, ২০২৫, ০৩:৩৮ পিএম
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এদিন বল হাতে সফল ছিলেন স্পিনার তাইজুল ইসলাম, যিনি ৪ উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক দারুণ মাইলফলক ছুঁয়েছেন।
তাইজুল ইতোমধ্যে ছুঁয়ে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেকর্ডকে এবং আর মাত্র একটি উইকেট পেলেই এককভাবে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন তিনি।
৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল আয়ারল্যান্ড। তৃতীয় দিনের শুরুটা আইরিশদের জন্য ভালো হলেও ৫৮তম ওভারে স্টিফেন ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রায়েনকে ফিরিয়ে স্বাগতিকদের অপেক্ষার অবসান ঘটান তাইজুল।
একপর্যায়ে ২০০ রানের আগেই আয়ারল্যান্ডের অলআউট হওয়ার শঙ্কা জাগলেও অষ্টম উইকেটে লোরকান টাকার ও জর্ডান নিল ৭৪ রানের জুটি গড়ে বাংলাদেশের অপেক্ষা বাড়ান। নিলকে ৪৯ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইবাদত হোসেন। এরপর টাকারকে সঙ্গ দিতে পারেননি গ্যাভিন হো ও ম্যাথু হামফ্রিস। অবশেষে ৮৪তম ওভারের তৃতীয় বলে ৪ রান করা হামফ্রিসকে খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে অলআউট করেন তাইজুল ইসলাম।
এই উইকেটটি নেওয়ার মধ্য দিয়েই তাইজুল টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন। এই সংস্করণে এটি তার ২৪৬তম উইকেট। এত দিন সমান উইকেট নিয়ে এককভাবে এই রেকর্ডের শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। এখন আর মাত্র এক উইকেট পেলেই টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ইতিহাস গড়বেন তাইজুল। সাকিবকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন