শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
জাতীয় চ্যাম্পিয়নশিপ

দিনাজপুরের শিরোপা জয়ের আনন্দ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৮:০০ পিএম

দিনাজপুরের শিরোপা জয়ের আনন্দ

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিনাজপুর জেলা। গতকাল শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা ৩-২ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়ে শিরোপা জিতেছে।

ম্যাচটিতে নাটকীয়ভাবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইয়াসিন আলীর দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় দিনাজপুরের।

ম্যাচের বিবরণ: শিরোপা নির্ধারণী এই ম্যাচের ১৩ মিনিটেই অধিনায়ক সাগর মোহান্তর গোলে এগিয়ে যায় দিনাজপুর। ডান দিক দিয়ে আক্রমণে উঠে মিডফিল্ডার ইয়াসিন আলী সাগরকে বক্সের বাইরে থেকে আড়াআড়ি ক্রস দিলে গোলমুখে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন সাগর।

এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিনাজপুর।দ্বিতীয়ার্ধে ম্যাচের দৃশ্যপট পাল্টে যেতে থাকে। ম্যাচের ৬০ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বা পায়ের ফ্রি কিক শটে দিনাজপুরকে ২-০ গোলে এগিয়ে দেন প্রদীপ। তবে মাত্র দুই মিনিট পরই উজ্জ্বল হোসেনের দারুণ গোলে ব্যবধান কমায় সিরাজগঞ্জ। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে একাই বক্সে ঢুকে নিচু শটে গোলকিপার মাসুদ রানাকে পরাস্ত করেন উজ্জ্বল। এই গোলের পর উজ্জীবিত হয়ে ওঠা সিরাজগঞ্জ দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সফল স্পট কিকে হাসান আলীর গোলে ২-২ ব্যবধানে সমতায় ফিরে।

ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময় দারুণ এক ভলিতে ইয়াসিন আলী গোল করে দিনাজপুরের জয় নিশ্চিত করে দেন। ৩-২ গোলে জিতে শিরোপা জয়ের উল্লাসে মাতে দিনাজপুর জেলা ফুটবল দল।পুরস্কার পেলেন যারা: এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ দিনাজপুরের ইয়াসিন আলী টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। অন্যদিকে, সেরা গোলরক্ষক হয়েছেন সিরাজগঞ্জের আবুল কাশেম মিলন।