নভেম্বর ২৩, ২০২৫, ১২:২৪ পিএম
৬ উইকেটে ১৭৬ রান নিয়ে টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করেছিল সফরকারী আয়ারল্যান্ড। মনে করা হচ্ছিলো লোয়ার অর্ডার দ্রুতই গুটিয়ে যাবে। তবে বাংলাদেশি বোলাররা প্রথম সেশনে আইরিশদের গুটিয়ে দিতে পারেনি।
দুই উইকেট শিকার করলেও, আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৬৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে। ফলে স্বাগতিক বাংলাদেশের অপেক্ষা এখন আর মাত্র দুটি উইকেটের।
৫ম দিনের সকালে আয়ারল্যান্ডের ডেরায় প্রথম আঘাত হানেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তিনি ৫৩ বলে ২১ রান করা অ্যান্ডি ম্যাকব্রাইনকে ফেরান।
এই উইকেটটি নিয়ে তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার ঐতিহাসিক রেকর্ড গড়েন। এর কিছুক্ষণ পর জর্ডান নেইলকে আউট করেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।তবে লোয়ার অর্ডারের ভাঙনের মুখেও দারুণভাবে টিকে আছেন অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার।
ধৈর্য ধরে ইনিংস গড়ে তোলা এই ব্যাটার ২০৩ বলে ৬৩ রান নিয়ে অপরাজিত আছেন। তার ব্যাটে ভর করেই মূলত লাঞ্চের আগে পর্যন্ত ইনিংস এগিয়ে নিয়েছে আইরিশরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ক্যাম্ফারের সঙ্গী ছিলেন গ্যাভিন হোয়ে, যিনি ৩৮ বলে ১৮ রান নিয়ে খেলছেন। বিরতির পর দ্রুত এই দুটি উইকেট শিকার করে জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন