সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৫০ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হবে পূর্বাচলে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৪৫ পিএম

৫০ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হবে পূর্বাচলে

সরকার পূর্বাচলে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার আন্তর্জাতিক মানের একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার বিকেলে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, দিন যত যাচ্ছে আমরা ফুটবলে মান বৃদ্ধি করতে সক্ষম হচ্ছি এবং এই লক্ষ্যেই স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, স্টেডিয়ামের জন্য পূর্বাচলে ১০০ একর জমি বরাদ্দের জন্য এরই মধ্যে ভূমি মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে এবং এই বিষয়ে কাজ চলমান আছে। এই স্টেডিয়ামটি নির্মিত হলে দেশের ফুটবল খেলাধুলায় নতুন মাত্রা যোগ হবে এবং আন্তর্জাতিক বড় প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে ভোলা, নড়াইল, রংপুর, ফরিদপুর, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, মৌলভীবাজার ও মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসকরা ভার্চুয়ালি উপস্থিত থেকে নবনির্মিত মিনি স্টেডিয়ামগুলোর নাম ফলক উদ্বোধন করেন।

এই মিনি স্টেডিয়ামগুলো স্থানীয় পর্যায়ে খেলাধুলা এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মনে করছে। জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সারাদেশে ক্রীড়া অবকাঠামো জোরদার করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।