সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি বলছেন লিটন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:১৯ পিএম

বিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি বলছেন লিটন

আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ দল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। এর আগে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এই টুর্নামেন্টকে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছেন।

তার মতে, তিনটি ভিন্ন ভেন্যুতে বিপিএল অনুষ্ঠিত হওয়ায় ক্রিকেটাররা বিভিন্ন উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন এবং তাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য ধরা দেবে।

আজ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমকে লিটন দাস তার এই মত ব্যক্ত করেন। তার কথায়, “আমার মনে হয় বিপিএল একটা ভালো মঞ্চ হবে।

যে তিনটা ভেন্যুতে খেলা হবে, তিন ভেন্যুতে তিন রকম ডিফারেন্ট উইকেট হবে। এই খেলার আইডিয়াগুলো ওয়ার্ল্ড কাপে কাজে দেবে।” এবারের বিপিএল সিলেট ও চট্টগ্রামে খেলার পর ঢাকায় এসে শেষ হবে। ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার এই অভিজ্ঞতা দলের জন্য কাজে দেবে বলে বিশ্বাস অধিনায়কের। তিনি আরও বলেন, "আপনি দেখবেন বিপিএলেও তিনটি ভেন্যুতে তিন রকম খেলা হবে। আপনি সব সময় যাবেন আর ভালো উইকেট পাবেন, জিনিসটা তেমনও না, আবার যখন যাবেন সব সময় খারাপ উইকেট পাবেন, তেমনও না।

আপনি পার্টিকুলার ডে-তে কেমন উইকেট পাচ্ছেন, সে উইকেট অনুযায়ী আপনি নিজেকে মানিয়ে নিয়ে টিমকে হেল্প করছেন কি না এটা ইম্পর্ট্যান্ট।লিটন দাস মনে করেন, বিপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্বকাপে জাতীয় দলের জন্য সহায়ক হবে। তিনি বলেন, “টি-টোয়েন্টি ফরম্যাটে হয় বিপিএলটা, এখানে যদি তারা পারফর্ম করতে পারে, আমরা যেভাবে জাতীয় দলে যে প্লেয়ারগুলো আছি, ওভারঅল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারগুলো আছে তারা যদি সবাই পারফর্ম করতে পারে, আমার মনে হয় এটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স ডেভেলপ করবে।

 এদিকে আয়ারল্যান্ড সিরিজের আগে অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-এর মধ্যে দ্বন্দ্ব নিয়ে যে গুঞ্জন উঠেছিল, তা উড়িয়ে দিয়েছেন লিটন। তিনি বলেন, "দেখেন, একটা ফ্যামিলিতে দুয়েকটি কথাবার্তা মনে হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক ভালো এই জিনিসটা ওভারকাম করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই।

 এছাড়া ড্রেসিংরুমে দেশীয় কোচদের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, “যদি লোকালরা আমাদের ভালো করে এবং আমাদের যারা বিসিবিতে আছে তারা যদি মনে করেন যে সেই মানুষটা আমাদের ক্রিকেটের জন্য হেল্পফুল, হোয়াই নট? আপনি শুধু বড় বড় নাম দেখলে হবে না, কতটুকু কার্যকর হচ্ছে, প্লেয়াররা হ্যাপি কি না বা তার কাছ থেকে আমরা কোনো কিছু শিখতে পারছি কি না এটা ইম্পর্ট্যান্ট।”