রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫৩১ রানের লক্ষ্য তাড়া করেও ড্র ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০১:১২ পিএম

৫৩১ রানের লক্ষ্য তাড়া করেও ড্র ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অবিশ্বাস্য এক লড়াইয়ের পর শেষ পর্যন্ত ড্র ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভসের দুর্দান্ত ডাবল সেঞ্চুরি এবং কেমার রোচের অদম্য ফিফটির সুবাদে ৫৩১ রানের বিশাল লক্ষ্য তাড়া করেও ক্যারিবিয়ানরা খেলার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে ম্যাচটি বাঁচিয়ে ফেলেছে।

এই লড়াই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে।টেস্ট ম্যাচের শেষ দিন ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৪৫৭ রান তুলে ম্যাচ শেষ করে।

তারা মোট ১৬৩.৩ ওভার ব্যাট করেছে, যা চতুর্থ ইনিংসে তাদের দ্বিতীয় সর্বোচ্চ টিকে থাকার নজির। গ্রিভসের ইনিংস দলকে শুধু নিশ্চিত হার থেকে বাঁচায়নি, বরং টেস্ট ইতিহাসেও তার নাম স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। এটি তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস।

তিনি অপরাজিত ২০২ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক হয়েছেন। এই তালিকায় শীর্ষে আছেন এস. এম. নার্স (২৫৮), এরপর ড্যারেন ব্রাভো (২১৮) ও গর্ডন গ্রিনিজ (২১৩)। এই রেকর্ডের মাধ্যমে তিনি ক্রিস গেইলের মতো কিংবদন্তি খেলায়াড়দেরও পেছনে ফেলেছেন।অন্য পাশে অনবদ্য প্রতিরোধ গড়েছেন কেমার রোচ। বোলিংয়ে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও তিনি নায়কোচিত ভূমিকা পালন করেন।

২৩৩ বল খেলে তিনি ৫৮ রান করেন এবং গ্রিভসকে নিয়ে ১৮০ রানের অপরাজিত সপ্তম উইকেট জুটি গড়েন, যা ওয়েস্ট ইন্ডিজ ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। রোচ ৩৭ বছর ১৫৯ দিনে টেস্টে একই ম্যাচে ফাইফার (পাঁচ উইকেট) এবং ফিফটি করা দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার হয়েছেন। তার ওপরে শুধু ভারতীয় কিংবদন্তী রবীচন্দ্রন অশ্বিন রয়েছেন। গ্রিভস ও রোচের এই যৌথ দৃঢ়তা খেলার ইতিহাসে তাদের অদম্য মানসিকতার স্বাক্ষর রাখল।