ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:৩৫ পিএম
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ওয়ানডে জিতে কাজটা সহজ করে রেখেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার রেকর্ড গড়া জয়ে তৃতীয় এবং শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়।
এই ফাইনালে যশস্বী জয়সওয়ালের দাপুটে সেঞ্চুরি আর রোহিত শর্মার দুরন্ত ফিফটিতে ভর করে ভারত ৬১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতল।বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৭১ রান।
এই লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক খেলা উপহার দেন। রোহিত শর্মা ৭৫ রানের একটি দুরন্ত ফিফটি করেন। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল তার সেঞ্চুরি পূর্ণ করেন। এই দুই খেলায়াড়ের দৃঢ়তায় লোকেশ রাহুলের দল মাত্র ৩৯.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে ২৭১ রানের লক্ষ্যটা ছুঁয়ে ফেলে।এর আগে প্রথমে ব্যাট করে প্রসিদ্ধ কৃষ্ণা এবং কুলদীপ যাদবের পেস-স্পিন আক্রমণ সামলে ২৭০ রানের পুঁজি গড়েছিল দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের পক্ষে কুইন্টন ডি কক ১০৬ রানের এক দুরন্ত ইনিংস উপহার দেন। ৮৯ বলের এই দাপুটে ইনিংসটি তিনি ৮টি বাউন্ডারি এবং ৬টি ছক্কায় সাজিয়েছিলেন। ডি ককের একক নৈপুণ্য সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার দেওয়া লক্ষ্য ভারতীয় ব্যাটসম্যানদের সামনে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়নি। আন্তর্জাতিক খেলাধুলার এই গুরুত্বপূর্ণ সিরিজ জয় সারাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন