সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রোনালদোর রেকর্ড ভেঙে ‘ইতিহাসের পথে’ এমবাপ্পে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৪ পিএম

রোনালদোর রেকর্ড ভেঙে ‘ইতিহাসের পথে’ এমবাপ্পে

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে যেন নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এবার তিনি ক্লাবের ইতিহাসের এক দরজায় কড়া নাড়ছেন। আর মাত্র চারটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ক্রিস্তিয়ানো রোনালদোর এক বর্ষপঞ্জিকার সর্বোচ্চ গোলের ক্লাব রেকর্ড।

রোনালদো ২০১৩ সালে এই রেকর্ড গড়েছিলেন, যেখানে তার মোট গোল ছিল ৫৯টি।গেল বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে লা লিগায় রিয়ালের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এই জোড়া গোলের সুবাদে ২০২৫ সালে তার মোট গোলসংখ্যা এখন ৫৫।

রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচসহ রিয়ালের হাতে এখনো আছে আরও চারটি ম্যাচ।

তাই এমবাপ্পের জন্য এই রেকর্ড ভাঙা কেবল সময়ের ব্যাপার বলেই মনে করছেন কোচ জাভি আলোনসো। সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, "কিলিয়ান রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়ার পথে। ঠিক যেমন রোনালদো করেছিলেন। তার উচ্চাকাঙ্ক্ষা, তার পরিসংখ্যান... সব মিলিয়ে সে বিশেষ খেলায়াড়দের দলে।

তিনি আরও বলেন, এমবাপ্পের মধ্যে যে শক্তি, সতীর্থদের উজ্জীবিত করার সেই ক্ষমতা রয়েছে, সেগুলোর সঙ্গে তিনি রোনালদোর মিল খুঁজে পান। তবে রোনালদো আর এমবাপ্পের মধ্যে কাউকে বেছে নিতে নারাজ আলোনসো। তিনি বলেন, "রোনালদো হল রোনালদো, আর কিলিয়ান হল কিলিয়ান। দুজনই অসাধারণ। কিলিয়ানকে পেয়ে আমরা ভাগ্যবান।" আন্তর্জাতিক খেলাধুলার এই খবর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।