ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:৫৫ পিএম
দেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করে এগিয়ে যাওয়া তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা এবার পেলেন রাষ্ট্রীয় সম্মাননা ‘বেগম রোকেয়া পদক-২০২৫’। নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চার বিশিষ্ট নারীর হাতে এই পদক তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন—নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।
দলীয়ভাবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ইতিমধ্যে বেশ কিছু পুরস্কার অর্জন করেছে। চলতি বছরেই সাফ জয়ী পুরো দলটিকে একুশে পদক প্রদান করা হয়। তবে ব্যক্তিগতভাবে এই রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে দারুণ উচ্ছসিত রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা। তিনি বলেন, ‘প্রতিটি পুরস্কারই সম্মান ও গৌরবের। এই বছরই দলগতভাবে একুশে পদক পেয়েছি, যা অত্যন্ত গৌরবের। তবে এবার ব্যক্তিগতভাবে রোকেয়া পদক পেয়েছি, সরকারের দেওয়া এই পদকটি তাই আমার কাছে বিশেষ কিছু।
উচ্ছ্বসিত এই ফুটবলার আরও বলেন, যেকোনো পুরস্কার বা সম্মাননা তার জন্য অনেক বড় বিষয়, যা তাকে অনেক উৎসাহ দেয়। তিনি উল্লেখ করেন, এই প্রথম কোনো ফুটবলার বেগম রোকেয়া পদক পেলেন, তাই এটা তার কাছে বিরাট সাফল্য মনে হচ্ছে। এই পদকে অনুপ্রাণিত হয়ে তিনি দেশ ও সমাজকে আরও কিছু দেওয়ার চেষ্টা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। ঋতুপর্ণা চাকমা ২০২১ সাল থেকে জাতীয় দলে খেলছেন এবং বাংলাদেশের জার্সিতে ৩৩ ম্যাচে এখন পর্যন্ত ১৩টি গোল করেছেন।
২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এ পর্যন্ত দুবার শিরোপা জয় করেছে। নারী দল আগামী বছর প্রথমবারের মতো এশিয়ান কাপে মূল পর্বে অংশ নিতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, আর এসব সাফল্যের পেছনে ঋতুপর্ণা চাকমাদের মতো তারকাদের অবদান অনস্বীকার্য।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন