ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:১০ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রভাবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি পিছিয়ে যাওয়ায় বড় প্রভাব পড়ছে আন্তর্জাতিক ক্রিকেটে। বিশেষ করে আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে নতুন পরিস্থিতি। তবে সিরিজ বাতিল হচ্ছে না।
বরং দুই দফায় এই সিরিজ আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।আগামী ২৬ মার্চ থেকে পিএসএলের পরবর্তী আসর শুরু হয়ে চলবে ৩ মে পর্যন্ত।
অন্যদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই সময়েই পাকিস্তান দলের বাংলাদেশে আসার কথা ছিল। পিসিবি প্রধান মহসিন নাকভি নিশ্চিত করেছেন যে, পিএসএল থাকলেও বাংলাদেশ সফর বাতিল হবে না। বিষয়টি নিয়ে বিসিবিও ইতিবাচক অবস্থানে রয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ইঙ্গিত দিয়েছেন যে, ব্যস্ত সূচির কারণে সিরিজটি ভেঙে দুই ভাগে করা হতে পারে। তিনি বলেন:পিএসএলের কারণে পাকিস্তান সিরিজের সময় পরিবর্তন করতে হচ্ছে। টুর্নামেন্টের আগে এবং পরে দুই ভাগে সিরিজটি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান।পাকিস্তান দলের এই সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে ঠিক কোন ফরম্যাট পিএসএলের আগে হবে আর কোনটি পরে, তা এখনও চূড়ান্ত হয়নি।
দুই বোর্ড বর্তমানে আলাপ-আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময় নির্ধারণের চেষ্টা করছে।ক্রিকেট প্রেমীরা আশা করছেন, সূচি পরিবর্তনের ফলে খেলোয়াড়দের ওপর চাপ কমবে এবং পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে দুই দেশ। শীঘ্রই বিসিবির পক্ষ থেকে এই সিরিজের আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন