ডিসেম্বর ২০, ২০২৫, ১২:১৪ পিএম
ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ফরাসি ক্লাব পিএসজির শিরোপা জয়ের মহানায়ক গোলরক্ষক মাতভেই সাফোনভ। তবে বীরত্বপূর্ণ এই জয়ের রাতে তাকে বরণ করতে হয়েছে এক বড় দুঃসংবাদ। টাইব্রেকারে অবিশ্বাস্যভাবে ৪টি পেনাল্টি শট ঠেকিয়ে দিলেও মাঠেই হাত ভেঙে গেছে সাফোনভের।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তার হাতের অবস্থা আগামী তিন থেকে চার সপ্তাহ পর পুনরায় পর্যবেক্ষণ করা হবে। আপাতত বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই রাশিয়ান গোলরক্ষক।
ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে লড়াই গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে পিএসজিকে ২–১ ব্যবধানে জেতাতে বড় ভূমিকা রাখেন সাফোনভ।
এই জয়ের মধ্য দিয়ে পিএসজি তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক শিরোপার স্বাদ পেল। শুক্রবার পিএসজি কোচ লুইস এনরিকে সাফোনভের ইনজুরি নিয়ে বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন সম্ভবত তৃতীয় পেনাল্টি ঠেকানোর সময় সাফোনভ একটি অস্বাভাবিক মুভমেন্ট করেছিলেন এবং তখনই তার হাতটি ফ্র্যাকচার হয়।সবচেয়ে অবাক করার বিষয় হলো হাত ভেঙে যাওয়ার পরও সাফোনভ টের পাননি এবং ওই অবস্থাতেই আরও দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দিয়েছেন। কোচ এনরিকে বলেন ওই মুহূর্তে সাফোনভের শরীরে অ্যাড্রেনালিনের মাত্রা এত বেশি ছিল যে তিনি কোনো ব্যথাই অনুভব করেননি। দলের জন্য জীবন বাজি রেখে খেলার এমন মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন পিএসজি বস।
তিনি বলেন সাফোনভসহ পুরো দল যে মনোভাব দেখিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য এবং এটাই পেশাদার খেলোয়াড়দের প্রকৃত বৈশিষ্ট্য।শিরোপা জয়ের উদযাপনের মাঝে সাফোনভের এই চোট পিএসজি শিবিরের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাফোনভ মাঠের বাইরে থাকায় আসন্ন ম্যাচগুলোতে বিকল্প গোলরক্ষকের ওপর ভরসা করতে হবে এনরিকেকে। তবে ক্লাবের ঐতিহাসিক এই অর্জনে সাফোনভের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করছেন ভক্তরা। পিএসজির সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের এই বীর গোলরক্ষকের দ্রুত সুস্থতা কামনা করছেন। শিরোপা হাতে উদযাপনের বদলে তাকে এখন হাসপাতালের বেডে বিশ্রামে সময় কাটাতে হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন