জানুয়ারি ২, ২০২৬, ১১:০০ পিএম
এক ম্যাচ আগে সুপার ওভারে দলকে জেতাতে না পেরে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই ব্যাট হাতে সেই অভিজ্ঞতারই প্রমাণ দিলেন সাইলেন্ট কিলার। তার বিধ্বংসী ক্যামিওতে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলে জয়ের ধারায় ফিরল রংপুর রাইডার্স।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিয়াদ মাত্র ১৬ বলে অপরাজিত ৩৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ডেভিড মালান (১৯) ও লিটন দাসের (৩৫) ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ কিছুটা কঠিন হয়ে পড়েছিল। মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও কাইল মেয়ার্সও ইনিংস বড় করতে পারেননি।
তবে শেষ দিকে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে নেমেই ম্যাচের দৃশ্যপট বদলে দেন। মেহেদী হাসান মিরাজের এক ওভারেই ১৯ রান তুলে নিয়ে জয়ের পথ সহজ করেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি দৃষ্টিনন্দন ছক্কা। অন্য প্রান্তে খুশদিল শাহ ১৯ রানে অপরাজিত থাকেন।এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৪ রান সংগ্রহ করে সিলেট।
স্বাগতিকদের পক্ষে আফিফ হোসেন ৪৬ ও ইথান ব্রুকস ৩২ রান করেন। রংপুরের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ, দুজনেই শিকার করেন ৩টি করে উইকেট। মুস্তাফিজ এদিন দ্রুততম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন। আগের ম্যাচের হতাশা কাটিয়ে রিয়াদের এই সময়োপযোগী ব্যাটিংয়ে টুর্নামেন্টে শক্ত অবস্থান ফিরে পেল রংপুর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন