জানুয়ারি ৮, ২০২৬, ০৬:২২ পিএম
আফ্রিকা কাপ অব নেশনসের লড়াই এখন তুঙ্গে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ষোলোর লড়াইয়ে প্রতিটি দলই একে অপরকে একচুল ছাড় দিতে রাজি নয়। এমন এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভাগ্যের লড়াইয়ে তিউনিসিয়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মালি।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে তিউনিসিয়াকে স্তব্ধ করে দিয়ে শেষ আটের টিকিট পায় মালি।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়ন শক্তিশালী সেনেগালকে। দিনের অন্য ম্যাচে সুদানকে ৩-১ গোলে অনায়াসে হারিয়েছে সেনেগাল। আগামী শুক্রবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
মালি ও তিউনিসিয়ার মধ্যকার ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। টাইব্রেকারে প্রথম তিনটি করে পেনাল্টি নেওয়ার পর ২-১ ব্যবধানে এগিয়ে ছিল তিউনিসিয়াই। তবে ম্যাচের ভাগ্য বদলে দেন মালির গোলরক্ষক ডিজুগি দিয়ারা। তিউনিসিয়ার পরের দুটি শটে ইলিয়াস আচুরি ও মোহাম্মদ আলি বেনকে হতাশ করে দিয়ে দুর্দান্ত সেভ করেন তিনি। অন্যদিকে মালি নিজেদের শেষ দুটি সফল স্পট কিকে গোল নিশ্চিত করলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
১০ জন নিয়ে খেলেও মালির এমন লড়াকু মানসিকতা ফুটবল বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে।দিনের অপর ম্যাচে শুরুতেই গোল খেয়ে কিছুটা চাপে পড়েছিল সাবেক চ্যাম্পিয়ন সেনেগাল। তবে সুদানকে বেশিক্ষণ সেই আনন্দ ধরে রাখতে দেয়নি তারা। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সেনেগাল। দলের পক্ষে জোড়া গোল করে জয়ের নায়ক বনে যান পাপে গুয়ে।
এছাড়া পিএসজির তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম এমবায়ে একটি গোল করে দলের জয় সুসংহত করেন। সুদানের হয়ে একমাত্র গোলটি করেন আমির আবদুল্লাহ। শক্তির বিচারে এগিয়ে থাকা সেনেগাল ও রোমাঞ্চ ছড়িয়ে আসা মালির মধ্যকার আগামী শুক্রবারের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ঘিরে ফুটবল ভক্তদের মাঝে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন