জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৩৪ পিএম
দেশের ফুটবলপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাচ্ছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। তবে ট্রফিটি সাধারণ মানুষের জন্য উন্মুক্তভাবে প্রদর্শিত হবে না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই সরাসরি এটি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।
কোকা-কোলার এই বিশেষ ক্যাম্পেইনটি গত ৮ জানুয়ারি শেষ হয়েছে। অংশগ্রহণকারীরা নির্দিষ্ট প্রোমোশনাল বোতলের কিউআর কোড স্ক্যান করে কুইজে অংশ নিয়েছিলেন। সেখান থেকে যারা ‘এক্সক্লুসিভ পাস’ জিতেছেন, তারাই নির্ধারিত ভেন্যুতে গিয়ে ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসরটি সম্প্রতি সৌদি আরবের রিয়াদে শুরু হয়েছে। ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো এই সফরের শুভ উদ্বোধন করেন।
এবারের সফরটি ১৫০ দিনেরও বেশি সময় ধরে চলবে এবং ৩০টি ফিফা সদস্য দেশের মোট ৭৫টি স্থানে ট্রফিটি প্রদর্শিত হবে।আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে যৌথভাবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। ৪৮টি দল নিয়ে আয়োজিত এই আসরে মোট ১০৪টি ম্যাচ খেলা হবে। ট্রফি ট্যুরের মাধ্যমে সেই উত্তেজনাই এখন বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে এবং ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই আশা প্রকাশ করেছেন যে, ঢাকায় এই ট্রফির আগমন বাংলাদেশের ফুটবলভক্তদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন