বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

একই দলে বাবা ও ছেলে: ক্রিকেট ইতিহাসের বিরল রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৪৩ এএম

একই দলে বাবা ও ছেলে: ক্রিকেট ইতিহাসের বিরল রেকর্ড

ক্রিকেট মাঠে বংশপরম্পরার বিষয়টি বেশ পুরনো হলেও এটি সবসময়ই দর্শকদের কাছে এক বাড়তি আকর্ষণের নাম। একই পরিবারের রক্ত যখন একই দলের জার্সি গায়ে সবুজ গালিচায় নামে তখন সেটি কেবল একটি ম্যাচ থাকে না বরং ইতিহাসের অংশ হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বা বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান ঈসাখিলের একসাথে খেলা এই আলোচনাকে আবার প্রাণ দিয়েছে। 

আন্তর্জাতিক বা স্বীকৃত ক্রিকেটে এমন নজির খুব বেশি না থাকলেও যারা এই তালিকায় আছেন তারা প্রত্যেকেই নিজ নিজ গুণে ভাস্বর।এখানে ব্রড পরিবারের কথা না বললেই নয় যারা ইংল্যান্ডের ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন।

 বাবা ক্রিস ব্রড ছিলেন হার্ডহিটিং ব্যাটার যার অ্যাশেজে টানা তিন সেঞ্চুরির রেকর্ড আজও ভক্তরা মনে রেখেছেন। তবে ছেলে স্টুয়ার্ট ব্রড ছাড়িয়ে গেছেন বাবাকে। 

স্টুয়ার্ট কেবল একজন বোলার নন বরং ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল পেসার হিসেবে বিদায় নিয়েছেন। প্রায় সাড়ে আটশোর বেশি আন্তর্জাতিক উইকেটের মালিক ব্রড বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন যা তার পিতাকে ছাড়িয়ে যাওয়ার বড় প্রমাণ। একইভাবে নিউজিল্যান্ডের ল্যান্স কেয়ার্নস ও ক্রিস কেয়ার্নসের জুটিও ছিল অপ্রতিদ্বন্দ্বী যেখানে দুজনেই ছিলেন কার্যকর অলরাউন্ডার।ভারতীয় ক্রিকেটে পিতা-পুত্রের গল্পে সবচেয়ে উজ্জ্বল নাম অমরনাথ পরিবার। লালা অমরনাথ ছিলেন ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি করা ব্যাটার এবং কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে আউট করা বিরল বোলার।

 তার ছেলে মহিন্দর অমরনাথ ভারতকে ১৯৮৩ সালের বিশ্বকাপ জেতাতে প্রধান ভূমিকা পালন করেন এবং ফাইনালের ম্যাচসেরা হন। অন্যদিকে সুনীল গাভাস্কার ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি হলেও তার ছেলে রোহান গাভাস্কার বাইশগজে খুব একটা সুবিধা করতে পারেননি। বাবার পাহাড়সম রেকর্ডের পাশে রোহানের ক্যারিয়ার মাত্র ১১টি ওয়ানডেতেই থমকে যায় যা ক্রিকেট ইতিহাসে এক আক্ষেপের নাম হয়ে আছে।দক্ষিণ আফ্রিকার পোলক পরিবার বা অস্ট্রেলিয়ার মার্শ পরিবারও ক্রিকেটে নিজেদের দাপট বজায় রেখেছে। শন পোলক তার বাবা পিটার পোলকের চেয়েও বড় অলরাউন্ডার হিসেবে বিশ্ব স্বীকৃতি পেয়েছেন। 

আবার অস্ট্রেলিয়ার মার্শ পরিবারে তো বাবা জিওফ মার্শের পর দুই ছেলে শন মার্শ ও মিচেল মার্শ দুজনেই দাপটের সাথে খেলছেন। মিচেল মার্শ তো ইতোমধ্যে তিনটি বিশ্বকাপ জয়ের বিরল গৌরবের অংশীদার। ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল ও তার ছেলে তেজনারায়ণ চন্দরপলের ব্যাটিং স্টাইল এবং জাতীয় দলে অন্তর্ভুক্তিও দর্শকদের মুগ্ধ করেছে। তবে মোহাম্মদ নবী ও তার ছেলের বিপিএলে একসাথে ব্যাটিং করাটা টি-টোয়েন্টি ক্রিকেটের আধুনিক যুগে এক নতুন মাত্রা যোগ করেছে।