রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৬, ০৭:০৮ পিএম

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের চলমান বয়কট কর্মসূচি প্রত্যাহার না করায় এবং উদ্ভূত পরিস্থিতির উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ক্রিকেটাররা মাঠে না ফিরলে টুর্নামেন্ট চালানো অসম্ভব বলেই মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।

এর আগে বিসিবির ফিন্যান্স কমিটির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দেশের ক্রিকেট অঙ্গন। ক্রিকেটারদের আয়ের উৎস ও ভূমিকা নিয়ে তার আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় দলের ক্রিকেটার এবং অধিনায়করা একাট্টা হয়ে আন্দোলনের ডাক দেন।

ক্রিকেটারদের তীব্র আলটিমেটামের মুখে বোর্ড নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়। বিসিবির সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভাপতি আমিনুল ইসলাম নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।নাজমুল ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়ার পরেও ক্রিকেটাররা তাদের অবস্থান থেকে নড়েননি। ক্রিকেটারদের দাবি ছিল ক্রিকেট কাঠামোর আমূল সংস্কার এবং যথাযথ সম্মান নিশ্চিত করা। বিসিবি বারবার খেলোয়াড়দের মাঠে ফেরার আহ্বান জানালেও তারা বয়কট সিদ্ধান্তে অনড় থাকায় বিপিএলের সূচি নিয়ে জটিলতা তৈরি হয়। 

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি স্থগিত করা ছাড়া বোর্ডের কাছে আর কোনো বিকল্প ছিল না। বিসিবি আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল যে ক্রিকেটাররা খেলায় না ফিরলে লিগ বন্ধ করে দেওয়া হবে।

ক্রিকেটারদের সংগঠন কোয়াব এবং সিনিয়র ক্রিকেটারদের এই কঠোর অবস্থানের ফলে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ এবং সম্প্রচার স্বত্ব নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন দেশের ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম বড় সংকট। এখন দেখার বিষয় বিসিবি এবং ক্রিকেটারদের মধ্যকার এই স্নায়ুযুদ্ধ নিরসনে বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ নেয় কি না। আপাতত বিপিএল মাঠে গড়ানো নিয়ে কোনো নিশ্চিত সময়সীমা জানাতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল।