জানুয়ারি ২৭, ২০২৬, ১০:৫১ এএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান নাটকীয়তায় এখন এক নতুন মোড় লক্ষ্য করা যাচ্ছে। ভারতের মাটিতে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল খেলতে রাজি না হওয়ায় গত শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের সেই শূন্যস্থানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হলেও এখন পর্দার অন্তরালে ভিন্ন এক সমীকরণ তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী আইসিসি হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপে ফেরার সুযোগ দিতে পারে। তবে এই পুরো বিষয়টি এখন ঝুলে আছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের সিদ্ধান্তের ওপর।
হিন্দুস্তান টাইমসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তান যদি শেষ মুহূর্তে বিশ্বকাপ বয়কট করার পথে হাঁটে তবে প্রথম দল হিসেবে বাংলাদেশকেই সেই সুযোগ দেওয়া হবে।
ক্রিকেট বিশ্বের সংশ্লিষ্ট এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তবে তাদের বদলে `এ` গ্রুপে বাংলাদেশকে স্থলাভিষিক্ত করা হবে। এই পরিকল্পনার সবচেয়ে বড় দিক হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগের দাবি অনুযায়ী দলটির সব ম্যাচ তখন শ্রীলঙ্কায় আয়োজন করা হতে পারে। আইসিসি মনে করছে যে পাকিস্তান সরে গেলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং সূচি পুনঃনির্ধারণ করা কর্তৃপক্ষের জন্য তুলনামূলক সহজ হবে।
এমন সংবাদ সামনে আসার পর বিসিবি মহলেও এক ধরণের সতর্ক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বাদ পড়ার শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবার ফেরার হাতছানি বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বিশাল নাটকীয় ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে।অন্যদিকে পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে তবে পিসিবিকে আইসিসির পক্ষ থেকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। আইসিসি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিশ্বকাপ থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নিলে পাকিস্তানকে শুধু এই আসরই নয় বরং আসন্ন এশিয়া কাপ থেকেও নিষিদ্ধ করা হতে পারে।
ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন দ্বিমুখী সংকটে রয়েছে। একদিকে রাজনৈতিক উত্তেজনা আর অন্যদিকে আইসিসির কঠোর নিষেধাজ্ঞা—সব মিলিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই এখন নির্ভর করছে বাংলাদেশের বিশ্বকাপে ফেরার ভাগ্য। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এখন গভীর আগ্রহে অপেক্ষা করছেন যে শেষ পর্যন্ত ব্যালটের বিপ্লবের মতোই ক্রিকেটের মাঠেও কোনো জাদুকরী পরিবর্তন আসে কি না।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন