ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৯:৩৬ পিএম
চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। আরব আমিরাতের দেওয়া ১৭৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে কিউই দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করেন। মঙ্গলবার এই জয়ে এবারের আসরে প্রথমবারের মতো কোনো দল ১০ উইকেটে জেতার কৃতিত্ব দেখাল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিম (৬৬) ও আলিশান শারাফুর (৫৫) ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় আমিরাত। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৩৭ রানে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আমিরাতের বোলারদের ওপর চড়াও হন নিউজিল্যান্ডের দুই ওপেনার। মাত্র ১৫.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। টিম সেইফার্ট ৪২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন, যার মধ্যে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। অপর প্রান্তে ফিন অ্যালেন ৫০ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৮৪ রান করে অপরাজিত থাকেন।
এই দুই ওপেনারের ব্যাটিং ঝড়ে আমিরাতের বোলাররা কার্যত অসহায় হয়ে পড়েন এবং বড় সংগ্রহের পরও হারের স্বাদ নিতে হয় তাদের। ম্যাচসেরা নির্বাচিত হন টিম সেইফার্ট।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত: ১৭৩/৬ (২০ ওভার); ওয়াসিম ৬৬, শারাফু ৫৫; হেনরি ২/৩৭।
নিউজিল্যান্ড: ১৭৫/০ (১৫.২ ওভার); সেইফার্ট ৮৯*, অ্যালেন ৮৪*।
ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন