বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
এএফসি নারী এশিয়ান কাপ

চীনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৩:৩২ পিএম

চীনের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

চীনের আক্রমণাত্মক ফুটবল

এএফসি নারী এশিয়ান কাপের মঞ্চে আজ ঐতিহাসিক অভিষেক হলো বাংলাদেশের। তবে নিজেদের প্রথম ম্যাচে ৯ বারের এশীয় চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শক্তিশালী চীনের আক্রমণাত্মক ফুটবলের সামনে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে আফঈদা-ঋতুপর্ণারা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রেখে আক্রমণে উঠে আসছিল চীন। তবে ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত রক্ষণভাগ সামলে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। ঝামেলার সূত্রপাত হয় প্রথমার্ধের একেবারে শেষ দিকে। 

তিন মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করে বসে লাল-সবুজরা। ম্যাচের ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে এক চোখ ধাঁধানো দূরপাল্লার শটে চীনকে ১-০ গোলে লিড এনে দেন মাঝমাঠের খেলোয়াড় ওয়াং সুয়াং। তার জোরালো শটটি গোলরক্ষকের ধরাছোঁয়ার বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়।

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৪৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। চীনের মাঝমাঠের আরেক ফুটবলার ঝ্যাং রুই বক্সের বাইরে থেকে একটি নিচু শট নেন। বলটি বাংলাদেশের ডিফেন্ডার ওহাতি কিসকুর পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে চলে যায়। ফলে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।

ম্যাচে চীনের আধিপত্য থাকলেও ভিএআর (VAR)-এর কারণে একটি গোল থেকে বঞ্চিত হয়েছে তারা। ম্যাচের ২৪ মিনিটে ওয়াং সুয়াং হেডের মাধ্যমে বল জালে পাঠালে রেফারি গোলের সংকেত দিয়েছিলেন। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দীর্ঘ চার মিনিট রিপ্লে পরীক্ষা করার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন। চীনের মুহুর্মুহু আক্রমণের মুখে বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি। এখন দেখার বিষয়, দ্বিতীয় অর্ধে কোচ পিটার বাটলারের শিষ্যরা ম্যাচে ফিরতে পারে কি না।