সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ১১:৫৫ এএম

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

ম্যাচ চলাকালীন দৃশ্য

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিডনিতে অনুষ্ঠিত এই ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা ৫-০ গোলে পরাজিত হয়। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু ফুটবল উপহার দিলেও এই ম্যাচে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা উত্তর কোরিয়ার সামনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। 

বল দখল থেকে শুরু করে আক্রমণ—প্রতিটি ক্ষেত্রেই যোজন যোজন এগিয়ে ছিল কোরীয় মেয়েরা। অন্যদিকে ১১২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশ পুরো ম্যাচে কোনো কার্যকর আক্রমণ গড়ে তুলতে সক্ষম হয়নি।

ম্যাচের প্রথমার্ধের শুরু থেকেই দাপট দেখায় উত্তর কোরিয়া। যদিও শুরুর দিকে গোল করতে তারা ব্যর্থ হয়েছিল এবং দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, তবে বিরতির ঠিক আগে খেলার মোড় ঘুরে যায়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিয়ং ইউ জং। এর ঠিক এক মিনিটের মাথায় কিম কিয়ং ইয়ং দলের ব্যবধান দ্বিগুণ করেন। 

প্রথমার্ধের শেষ মুহূর্তের এই দুই গোল বাংলাদেশকে মানসিকভাবে ব্যাকফুটে ঠেলে দেয়। বিরতির পর ফিরে এসে আক্রমণাত্মক ফুটবল বজায় রাখে উত্তর কোরিয়া। ৬২ মিনিটে চে উন ইয়ং তৃতীয় গোলটি করেন। এর দুই মিনিট পর কিম কিয়ং ইয়ং নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি পূর্ণ করেন। ম্যাচের শেষ দিকে কিম হাই ইয়ংয়ের হেডে পঞ্চম গোল পায় কোরিয়া।পরিসংখ্যান অনুযায়ী পুরো ম্যাচে ২৯টি শট নেয় উত্তর কোরিয়া, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে বাংলাদেশ কোনো শট নিতে পারেনি। 

বড় ব্যবধানের এই হার সত্ত্বেও বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বেশ কয়েকটি চমৎকার সেভ করে পরাজয়ের ব্যবধান আরও বড় হতে দেননি। ম্যাচ শেষে অধিনায়ক আফঈদা খন্দকার প্রতিপক্ষের শক্তির প্রশংসা করে বলেন যে প্রথমার্ধের শেষ দিকে দ্রুত দুটি গোল হজম করা এবং সিডনির প্রচণ্ড গরম তাদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে তিনি আশা ব্যক্ত করেন।