রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নাহিদের ফাইফারে বিপদে পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৪:১৪ পিএম

নাহিদের ফাইফারে বিপদে পাকিস্তান

নাহিদ রানার ফাইফার উল্লাস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। মাত্র ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করে সফরকারীদের ব্যাটিং মেরুদণ্ড একাই ভেঙে দিয়েছেন এই তরুণ স্পিডস্টার। বাংলাদেশের কোনো পেসার হিসেবে এটি তিন বছর পর ওয়ানডে ক্রিকেটে প্রথম ৫ উইকেট বা ‘ফাইফারের’ রেকর্ড। 

এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হাসান মাহমুদ এই কীর্তি গড়েছিলেন। দীর্ঘ বিরতির পর নাহিদ রানার এই পারফরম্যান্স মিরপুরের গ্যালারিতে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।

নাহিদ রানা তার স্পেলের শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। তিনি তার করা প্রথম ৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে এই ৫ উইকেট শিকার করেন। বিস্ময়কর বিষয় হলো, রানা তার নিজের করা প্রথম ৫ ওভারের প্রতিটিতেই একটি করে উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে পুরোপুরি কোণঠাসা করে ফেলেন। 

তার গতির কাছে পরাস্ত হয়ে সাজঘরে ফিরেছেন পাকিস্তানের টপ অর্ডারের চার প্রধান ব্যাটার সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামল হুসেইন এবং অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া মিডল অর্ডারের সালমান আলী আঘাকেও আউট করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন এই তরুণ তুর্কি।নাহিদ রানার এমন বোলিং তোপে ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে মাত্র ৭১ রান।

 

সফরকারীদের পক্ষে ওপেনার সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে সর্বোচ্চ ২৭ রান এসেছে। এছাড়া মাজ সাদাকাত করেছেন ১৮ রান। বাকি টপ ও মিডল অর্ডার ব্যাটারদের কেউই নাহিদ রানার গতির মুখে প্রতিরোধ গড়তে পারেননি। প্রথম সাত ব্যাটারের মধ্যে দুইজনই ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। বাংলাদেশের বোলিং ইউনিটের এই দাপুটে পারফরম্যান্স ম্যাচে টাইগারদের বড় জয়ের স্বপ্ন দেখাচ্ছে।