মার্চ ২৪, ২০২৬, ১১:২২ এএম
বাংলাদেশের ক্রিকেটের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন আজ। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা এই কিংবদন্তি ক্রিকেটার আজ তার জীবনের বিশেষ একটি মাইলফলক স্পর্শ করলেন। ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকে গত দুই দশক ধরে তিনি ব্যাট ও বল হাতে শাসন করছেন ক্রিকেট বিশ্বকে।
ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দীর্ঘ সময় তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার হিসেবে থাকার বিরল রেকর্ড কেবল সাকিবেরই দখলে।
সাকিব আল হাসানের ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ সময় ছিল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। সেই আসরে ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১টি উইকেট শিকার করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সাকিব বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগেও দাপটের সাথে খেলেছেন এবং নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
মাঠের ভেতরে এবং বাইরে নানা সময়ে বিভিন্ন বিতর্ক তাকে ঘিরে থাকলেও খেলার মাঠে তিনি সবসময়ই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন এবং দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন।পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।
টি-টোয়েন্টি ফরম্যাটেও তার আধিপত্য সমভাবে বিস্তৃত যেখানে ১১২ ম্যাচে ২২৮১ রান এবং ১৩১টি উইকেট নিয়ে তিনি দলের অপরিহার্য অংশ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার এই দীর্ঘ পথচলায় অসংখ্য জয় এবং অর্জনের সাক্ষী হয়েছে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত। তার জন্মদিনে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানেই ভক্ত ও সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই ক্রিকেট নক্ষত্র।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন