মার্চ ২৪, ২০২৬, ০৯:২৭ পিএম
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। মঙ্গলবার সকালে তারা পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এবারের পিএসএলে বাংলাদেশ থেকে মোট ছয়জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার সুযোগ পেয়েছেন।
এর আগে সোমবার সকালে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছিলেন। আজ রিশাদ ও তানজিদ তামিমের যাত্রার মাধ্যমে সব ক্রিকেটারের পাকিস্তানে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
রিশাদ হোসেন এবার নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে মাঠে নামবেন। অন্যদিকে ওপেনার তানজিদ হাসান তামিম খেলবেন পেশোয়ার জালমির জার্সিতে।
এবারের নিলাম ও সরাসরি চুক্তিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্স তাকে ছয় কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে। মোস্তাফিজের দলেই খেলার সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। লেগ স্পিনার রিশাদ হোসেনকে তিন কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি। উল্লেখ্য যে, এর আগেও রিশাদ লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন।
নিলামের প্রাথমিক পর্যায়ে তরুণ পেসার নাহিদ রানা ও ব্যাটার পারভেজ হোসেন ইমন কোনো দল না পেলেও পরবর্তীতে ৬০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তি মূল্যে তাদের দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। পেসার শরিফুল ইসলামও এবারের আসরে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পাচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই বড় টুর্নামেন্টে একসাথে এতজন বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণ দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে রিশাদ ও তানজিদ তামিমের মতো তরুণ ক্রিকেটাররা বিদেশের কন্ডিশনে পারফর্ম করার মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ পাবেন। সব মিলিয়ে এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছেন দেশের কোটি ক্রীড়াপ্রেমী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন